নির্বাচন কমিশনের তৃতীয় দফা তফসিল অনুযায়ী ২৩ এপ্রিল খাগড়াছড়ির দীঘিনালার পাঁচটি ইউনিয়ন পরিষদের মধ্যে তিনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তিন ইউনিয়নের ৩৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রকে পুলিশ ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। এসব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে দেওয়া হচ্ছে তিন স্তরের নিরাপত্তা। ইতিমধ্যে নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনী।
দীঘিনালা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনটি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রের মধ্যে ১৮টিকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আগের নির্বাচনের ঘটনা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ তালিকা করা হয়েছে। তবে প্রার্থীদের মতে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রকেই পুলিশ এবার ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে অভিহিত করছে।
পুলিশের তৈরি করা তালিকা পর্যালোচনা করা করে জানা যায়, ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৫টি ভোটকেন্দ্রের মধ্যে নয়টি অধিক গুরুত্বপূর্ণ। ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের নয়টি ভোটকেন্দ্রের মধ্যে পাঁচটি ও ৩ নম্বর কবাখালী ইউনিয়নের নয়টি ভোটকেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর আগে ৬ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত মতমিনিময় সভায় তিন ইউনিয়নে নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্রার্থী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। মতবিনিময় সভায় ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের বিএনপি–সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেম উদ্দিন অভিযোগ করে বলেন, তাঁর কর্মী ও সমর্থকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি ব্যালট ছিনতাই ও ভোটকেন্দ্র দখলের আশঙ্কাও প্রকাশ করেছিলেন।
তবে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা–ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা–ব্যবস্থা সাজানো হয়েছে তিন স্তরে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে বিজিবি। গতকাল ২০ এপ্রিল থেকে নির্বাচনী এলাকায় টহল দেওয়া শুরু করেছে বিজিবি। এর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটেলিয়নকেও প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা মোকাবিলার জন্য প্রস্তুত আছে পলিশ। সম্প্রতি মেরুং ইউনিয়নে একজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর ভাই ও সমর্থকদের অপহরণ করা হয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তাঁরা মুক্ত হন।
দীঘিনালার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহরলাল চাকমা জানান, পুলিশের তালিকায় থাকা গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা–ব্যবস্থা নেওয়া হবে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরী বলেন, নির্বাচনে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে চারজন নির্বাহী হাকিম ও একজন বিচারিক হাকিমের নেতৃত্বে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন।