দীঘিনালায় আ.লীগের একক, বিএনপির ছয় প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য প্রতীক নির্ধারিত রয়েছে ১০টি। সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অতিরিক্ত হিসেবে সংরক্ষিত আছে দুটি। অন্যদিকে, বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৭ জন। তাঁদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন থেকে আরও পাঁচটি প্রতীক অতিরিক্ত হিসেবে বরাদ্দ করিয়ে আনতে হবে। এ উপজেলায় পঞ্চম পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।
দীঘিনালা সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুল জাহিদ বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ১৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১২ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চেয়ারম্যান পদে সব প্রার্থী বাছাইয়ে টিকলে এবং শেষ পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন থেকে অতিরিক্ত পাঁচটি প্রতীক বরাদ্দ করিয়ে আনতে হবে।
সূত্রে জানা গেছে, ২ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একজন, বিএনপির ছয়জন, জেএসএস (এমএন লারমা) তিনজন, ইউপিডিএফ একজন, গণফোরাম একজন এবং স্বতন্ত্র হিসেবে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন, জেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক (বর্তমানে মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক খনিরঞ্জন ত্রিপুরা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তালেব, সহসভাপতি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শান্তিপ্রিয় চাকমা, ইউপিডিএফের নবকোমল চাকমা, জেএসএসের (এমএন লারমা) প্রশান্ত চাকমা, চয়ন বিকাশ চাকমা (বর্তমানে বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান), ধর্মবীর চাকমা (বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান), স্বতন্ত্র বিশ্ব কল্যাণ চাকমা (বর্তমানে কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান), প্রিয়দর্শী চাকমা, ধর্মজ্যোতি চাকমা, কল্যাণ চাকমা, চয়ন চাকমা ও গণফোরামের আমজাদ হোসেন। এ ছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।