দীঘিনালায় আঙুরের হাসি
খাগড়াছড়ির দীঘিনালার ফলবাগান বসু ফ্রুটস ভ্যালিতে প্রচুর আঙুর ফলেছে। পরীক্ষামূলকভাবে আঙুর চাষ করে এই সাফল্য এসেছে। বাজারে বিক্রি হওয়া আঙুরের তুলনায় এ বাগানের আঙুর আকারে বড়। তবে আঙুরগুলো এখনো তেমন মিষ্টি হয়নি।বসু ফ্রুটস ভ্যালি কর্তৃপক্ষ জানায়, আঙুরগাছে জৈবসার ব্যবহার করা হয়েছে। আঙুর মিষ্টি করার জন্য কৃষিবিদদের পরামর্শ নেওয়া হচ্ছে। সরেজমিনে বসু ফ্রুটস ভ্যালি ঘুরে দেখা যায়, আঙুরবাগানের মাচার নিচে থোকা থোকা আঙুর ঝুলছে। এ সময় কথা হয় বাগানের মালিক তুষার কান্তি বসুর সঙ্গে। তিনি জানান, ‘বাগানে পরীক্ষামূলকভাবে চাষ করার জন্য ঢাকা বৃক্ষমেলা থেকে চার বছর আগে মাত্র ১০টি আঙুরের চারা আনা হয়েছিল। চারা রোপণের এক বছরের মধ্যেই ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর আঙুরের আকার বড় ও রং হয়েছে আর্কষণীয়। তবে আঙুরগুলো টক। এ বিষয়ে কৃষিবিদদের পরামর্শ নেওয়া হয়েছে। তাঁরাও বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘আঙুরের স্বাদ মিষ্টি করতে পারলে এ বাগানের অন্যান্য ফলের মতো আঙুরও সাড়া ফেলবে।’ উপজেলা কৃষি কর্মকর্তা মোহন কুমার ঘোষ বলেন, ‘আবহাওয়া ও মাটির কারণে আঙুর টক হতে পারে। বিষয়টি নিয়ে গবেষণা করতে হবে। আঙুরের রং ও আকার—দুটিই ভালো। টক স্বাদ দূর করতে পারলে এখানেও আঙুর চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।’ উল্লেখ্য, তুষার কান্তি বসুর বাগানে ১৪৮ প্রজাতির নানা ফলের গাছ রয়েছে।