দীঘিনালায় আমনের বাম্পার ফলনে চাষিরা খুশি
খাগড়াছড়ির দীঘিনালায় এবারও আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। ফলন ভালো হওয়ায় চাষিরাও খুশি। ঘরে ঘরে এখন চলছে উৎসবের আমেজ।
সরেজমিনে উপজেলার সুধীর মেম্বারপাড়া, বোয়ালখালী, তারুবনিয়া, দীঘিনালা ও পাবলাখালী বিলে দেখা গেছে, ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। পুরোদমে চলছে মাড়াইয়ের কাজ। চাষিদের দম ফেলারও যেন ফুরসত নেই।
সুধীর মেম্বারপাড়া গ্রামের কৃষক ঘনশ্যাম ত্রিপুরা জানান, এ বছর তিনি দুই একর জমিতে আমন চাষ করেছেন। ধান উৎপাদন হয়েছে ১১৮ মণের মতো। জমির হিসাবে এই উৎপাদন প্রত্যাশার চেয়ে বেশি।
মেরুং হাজাছড়া গ্রামের চাষি জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন ও আবু চান জানান, তাঁদের জমিতে প্রতি একরে ৫৫ মণ ধান উৎপাদন হয়েছে। পাবলাখালী এলাকার যতীন মোহন চাকমা, পরম তাপস চাকমা ও রঞ্জন চাকমাও গত বছরের তুলনায় একরে ৬ থেকে ৭ মণ ধান বেশি উৎপাদন হয়েছে বলে জানান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা জানান, চলতি বছর উপজেলার ২২টি কৃষি ব্লকে সাড়ে ১০ হাজার ২৪৭ জন হাজার চাষি ৪ হাজার ৭২৫ হেক্টর জমিতে আমন চাষ করেছেন। এ বছর প্রতি হেক্টরে ২ দশমিক ৭২ মেট্রিক টন হিসেবে ১২ হাজার ৪৫২ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। তবে তা ১৩ হাজার মেট্রিকটন ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা যাচ্ছে।
তিনি জানান, গত বছরও চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়ায়। তখন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৯৭, উৎপাদন হয়েছে ১৪ হাজার ২২৮ মেট্রিকটন।
উপজেলা কৃষি কর্মকর্তা এম এম শাহনেওয়াজ বলেন, চাষিদের পরিশ্রম আর কৃষি বিভাগের পরামর্শের কারণে ধানের বাম্পার ফলন হয়েছে। আমনে এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।