দীঘিনালায় উত্তর আর দক্ষিণ মেরুং লড়াই
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচন ১৯ জুন। এর মধ্যে মেরুং ইউনিয়নে নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। ইউনিয়ন পরিষদে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন, তাঁর বাড়ি মেরুং উত্তরে। আর তাঁর বিপক্ষে নির্বাচন করছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন। তাঁর বাড়ি মেরুং দক্ষিণে। দীর্ঘ ৩০ বছর ধরে উত্তরের লোককে চেয়ারম্যান করা হয়েছে। এবার দক্ষিণবাসী নিজস্ব প্রার্থী দিয়েছে। ফলে নির্বাচনী লড়াই শুরু হয়েছে উত্তর আর দক্ষিণ মেরুংবাসীর মধ্যে।২ মে মেরুং দক্ষিণবাসীরা চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেনের পরিচিতি তুলে ধরতে শতাধিক মোটরসাইকেল এবং আট থেকে ১০টি চাঁদের গাড়ি (জিপ) নিয়ে পুরো মেরুং এলাকায় শক্তি প্রদর্শন (শো-ডাউন) করেছে। দক্ষিণবাসীর শো-ডাউনের পাল্টা হিসেবে উত্তরবাসী ৪ মে শো-ডাউন করার প্রস্তুতি নিলেও বেরসিক বৃষ্টির কারণে তা করতে পারেনি।দক্ষিণের চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমি কোনো দলের প্রার্থী নই, সম্পূর্ণ নির্দলীয় প্রার্থী। মেরুংবাসীর প্রার্থী হিসেবে সবাই টাকা-পয়সা দিয়ে আমাকে নির্বাচনে সহযোগিতা করছে। নির্বাচনী শো-ডাউনও মেরুংবাসী করেছে। আমি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠে আছি।’মেরুং এলাকার শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুহুল আমিন মাস্টার বলেন, ‘আমরা, মেরুং দক্ষিণবাসী দীর্ঘ ৩০ বছর চেয়ারম্যান পাওয়া থেকে বঞ্চিত। এ পর্যন্ত শুধু উত্তরবাসীকে নির্বাচিত করে এসেছি। এবারও আমরা চেয়ারম্যান প্রার্থী মোসলেম উদ্দিনকে একবারের মতো ছাড় দেওয়ার অনুরোধ করেছিলাম। তিনি অনুরোধ রাখেননি। তাই আমরা মেরুং দক্ষিণবাসী দলমত-নির্বিশেষে একজন প্রার্থী দিয়েছি।’ মেরুং উত্তর ও বিএনপি-সমর্থিত প্রার্থী মোসলেম উদ্দিন বলেন, ‘আমি বিএনপি-সমর্থিত হলেও আমি উত্তর-দক্ষিণ বুঝি না। আমি মেরুংবাসীর প্রার্থী। মোশারফ হোসেনের শো-ডাউনের পাল্টা হিসেবে আমার সমর্থকেরাও গত বুধবার বড় শো-ডাউন করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু বৃষ্টির কারণে আর করা হয়নি।’শো-ডাউন সম্পর্কে ভোটার মোহাম্মদ খালেক ও রহিম মন্তব্য করেন, ‘সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচনে শো-ডাউন দেখিনি। উত্তর আর দক্ষিণের লড়াইয়ে এবারই প্রথম দীঘিনালায় বিশাল একটি শো-ডাউন দেখতে পেলাম। উত্তর আর দক্ষিণের লড়াই ভালোই জমেছে।’শো-ডাউন আর পাল্টা শো-ডাউন করা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞা বলেন, আইনগতভাবে তাঁরা শো-ডাউন করতে পারেন না। তবু মনোনয়নপত্র দাখিল না করা পর্যন্ত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। নির্বাচনী বিধিমালা ভালোভাবে পর্যালোচনা করে বিষয়গুলো খতিয়ে দেখা হবে।উল্লেখ্য, মেরুং ইউনিয়নে ভোটারসংখ্যা প্রায় ২২ হাজার। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে উত্তর অংশে রয়েছে চারটি এবং দক্ষিণ অংশে পাঁচটি ওয়ার্ড।