খাগড়াছড়ির দীঘিনালা থানা পুলিশ ১৬ ফেব্রুয়ারি হাচিনসনপুর এলাকা থেকে একটি কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে। মূর্তি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হলেও পুলিশ ভোররাতে তাঁদের থানা থেকে ছেড়ে দেয়। ঘটনায় পুলিশ থানায় কোনো মামলাও করেনি। উদ্ধার করা কৃষ্ণমূর্তিটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে পুলিশ বলেছে মূর্তিটি পিতলের হওয়ায় আটক লোকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ও আটক লোকজনের সূত্রে জানা যায়, ওই দিন পুলিশ গোপনে খবর পেয়ে রাত ১০টায় উপজেলার গুলছড়ি এলাকার রুপেশচন্দ্র দেবনাথকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে হাচিনসনপুর এলাকার আমির হোসেন সওদাগর ও তাঁর ভাগিনা শাহজাহানকে আটক করে। এ সময় আমির হোসেনের পরিত্যক্ত দোকান থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের একটি কৃষ্ণমূর্তি উদ্ধার করে। পরে তাঁদের তিনজনকে আটক করে রাত সাড়ে ১০টায় থানায় নিয়ে আসা হয়। সারা রাত থানায় আটক রাখার পর ভোররাতে তৃতীয় একটি পক্ষের সমঝোতায় তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়। হাচিনসনপুর এলাকার আমির হোসেন সওদাগর নিজেকে নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার বলে দাবি করে জানান, ‘মশিউর ওরফে বাবুল ওরফে মহিউদ্দিন নামের এক অচেনা ব্যক্তি মূর্তিটি স্বর্ণের বলে আমার কাছে বিক্রি করতে আনে। আমি মূর্তিটি নেব না জানালেও সে আমাকে তোড়জোড় করে। আমি মূর্তির পায়ের একটি অংশ ভেঙে স্বর্ণকারের কাছে নিয়ে গেলে সেটি পিতলের বলে ধরা পড়ে। পরে ফিরে এসে দেখি সেই অচেনা ব্যক্তিটি আর নেই, তখন মূর্তিটি আমার পরিত্যক্ত দোকানে ফেলে রাখি। একটি মহল আর্থিক ক্ষতিসাধনের জন্য আমাকে ষড়যন্ত্র করে মূর্তির ঘটনায় ফাঁসিয়েছে।’দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মূর্তি উদ্ধার ও আটক লোকজনকে ছেড়ে দেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, এটি একটি পিতলের মূর্তি। তাই আটক লোকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। থানায় কোনো মামলা হয়নি। তবে তিনি রুপেশচন্দ্র দেবনাথ একজন টাউট প্রকৃতির এবং প্রতারক বলে স্বীকার করেন।