দীঘিনালায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি
খাগড়াছড়ির দীঘিনালায় এবার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৪৮৪ মেট্রিক টন, অর্জিত হয়েছে ৩৬৮ মেট্রিক টনের কিছু বেশি। বরাদ্দ ফেরত গেছে ১১৫ মেট্রিক টনের।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা জানান, খাদ্য অধিদপ্তর থেকে পাঠানো পত্রে দীঘিনালার নিবন্ধিত চালকলগুলো থেকে ৪৮৪ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করতে বলা হয়। চাল সংগ্রহের সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের পরিদর্শক লীলাবতী চাকমা বলেন, চাল প্রতি কেজি ৩১ টাকা (সঙ্গে ৫০ কেজির প্রতিটি বস্তা ৯০ টাকা) দরে ৪৮৪ মেট্রিকটন আতপ চাল সংগ্রহের জন্য ১ কোটি ৫১ লাখ ৫৪ হাজার ৪০ টাকা বরাদ্দ দেওয়া হয়। নীতিমালার আওতায় উপজেলার সদর ও মেরুং খাদ্যগুদামে ১৮৪ মেট্রিক টন ২০০ কেজি করে ৩৬৮ মেট্রিক টন ৪০০ কেজি আতপ চাল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে চালকল মালিক মোহাম্মদ জসিম ১৩১, তপন চৌধুরী ১৩১ ও মো. সফিকুল ইসলাম ১০৬ মেট্রিক টন ৪০০ কেজি সরবরাহ করেন, যার মূল্য এসেছে ১ কোটি ১৫ লাখ ৩৪ হাজার ৬০৫ টাকা। চাল সংগ্রহের সময় না থাকায় ৩ অক্টোবর ১১৫ মেট্রিক টন চালের বরাদ্দ ৩৬ লাখ ১৯ হাজার ৪৩৫ টাকা মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।
চালকল মালিক মোহাম্মদ জসিম বলেন, বিদ্যুতের সমস্যার কারণে পর্যাপ্ত চাল উৎপাদন করা সম্ভব হয়নি। প্রায় সময় লো-ভোল্টেজের কারণে মিল চালু করা যায় না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকলে চালের বরাদ্দ ফেরত যেত না।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞানেন্দু চাকমা বলেন, বিদ্যুতের সমস্যার কারণে চালকল মালিকেরা ঠিক সময়ে পর্যাপ্ত চাল সরবরাহ দিতে পারেননি। এদিকে সময়ও শেষ হয়ে গেছে। ফলে ১১৫ মেট্রিক টন চালের বরাদ্দ ফেরত দেওয়া হয়েছে।