দীঘিনালায় ছয় শতাধিক তামাকচুল্লিতে পুড়ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীঘিনালার কবাখালী ইউনিয়নের আমবাগান এলাকার একটি তামাকচুল্লির পাশে স্তূপ করে রাখা  হয়েছে কাঠ l প্রথম আলো
দীঘিনালার কবাখালী ইউনিয়নের আমবাগান এলাকার একটি তামাকচুল্লির পাশে স্তূপ করে রাখা হয়েছে কাঠ l প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালার পাঁচটি ইউনিয়নে ছয় শতাধিক তামাকচুল্লিতে কাঠ পোড়ানো শুরু হয়েছে। উপজেলায় চলতি বছর তিন হাজার একর জমিতে তামাক চাষ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকচুল্লির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া তামাকচুল্লিতে কাঠ পোড়ানো হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়া বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান।
সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিটি তামাকচুল্লির আশপাশে কাঠের স্তূপ। তামাক চুল্লিগুলোতে কাঁচা তামাক শুকানোর জন্য এসব কাঠ পোড়ানো হচ্ছে। কবাখালী, সুধীর মেম্বারপাড়া, আমবাগান, মধ্যবেতছড়ি, মধ্যবোয়ালখালী, বেতছড়ি, মেরুং, হাজাছড়াসহ বিভিন্ন এলাকায় চুল্লিতে পুড়ছে কাঠ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে চাঁদের গাড়ি করে (জিপ) কাঠ আনা হচ্ছে।
তামাকচুল্লিতে কর্মরত শ্রমিকেরা কাঠ পোড়ানোর বিষয়ে কিছু জানাতে চাননি। তাঁরা জানান, এ বিষয়ে তামাক কোম্পানিগুলোর পক্ষ থেকে তাঁদের নিষেধ করা হয়েছে। বেশ কয়েকজন তামাকচাষি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বললে আগামী বছর কোম্পানির নিবন্ধন পাওয়া যাবে না। তামাক শুকানোর জন্য চুল্লিতে কাঠ পোড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে তাঁরা জানান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যানের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা বলেন, চলতি বছর ১ হাজার ৯৮ জন চাষি ৬৪৬ হেক্টর জমিতে তামাক চাষ করেছেন। প্রতি এক থেকে দেড় একর পরিমাণ জমির তামাক শোধনের জন্য একটি তামাকচুল্লি প্রয়োজন হয়।
আকিজ টোবাকো কোম্পানির ব্যবস্থাপক খগেন চন্দ্র দাশ বলেন, চলতি বছর আকিজ কোম্পানির অধীনে দীঘিনালায় ২৮৯ জন চাষি ৭০০ একর জমিতে তামাক চাষ করেছেন। ২৮৯ জন চাষির ১৫০টি তামাকচুল্লি রয়েছে। তবে চুল্লিতে কাঠ না পোড়াতে তাঁরা চাষিদের উদ্বুদ্ধ করেন বলে দাবি করেন।
ইউএনও ফজুলল জাহিদ বলেন, তামাকচুল্লিতে কাঠ পোড়ানো হলে পরিবেশ সুরক্ষা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকচুল্লি থাকলে সেগুলোও ভেঙে দেওয়া হবে। হাচিনসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি তামাকচুল্লি ভেঙে দেওয়া হয়েছে।