দীঘিনালায় ঝুঁকিপূর্ণ ঝুলন্ত সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী বা খালে সেতু না থাকলে ভোগান্তি পোহাতে হয় গ্রামাঞ্চলের মানুষকে। বাড়ে পারাপারে ঝুঁকি। পণ্য পরিবহনের খরচও বেড়ে যায়। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের নানা এলাকার মানুষের দুর্ভোগের চিত্র নিয়ে বিশেষ আয়োজন

খাগড়াছড়ির দীঘিনালার হাচিনসনপুরে মাইনী নদীর ওপর নির্মিত ঝুলন্ত সেতুটি ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে। পারাপারের জন্য উঠলেই দুলতে শুরু করে সেতুটি। সেতুর নড়বড়ে কাঠের পাটাতন ভেঙে নদীতে পড়ে দুর্ঘটনারও িশকার হচ্ছেন পারাপারকারীরা। এর পরও প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ পারাপার করে।
সেতুর পূর্ব প্রান্তে হাচিনসনপুর ও পশ্চিম প্রান্তে বোয়ালখালী পুরাতন বাজার। সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় হাচিনসনপুরের কয়েক হাজার বাসিন্দাকে বোয়ালখালী পুরাতন বাজারে যেতে হয় পাঁচ কিলোমিটার পথ ঘুরে। অপরদিকে বোয়ালখালী বাজার এলাকার ৭০০–৮০০ শিক্ষার্থী ঝুঁকি নিয়ে সেতু পার হয়ে হাসিনপুর বিদ্যালয়ে আসে।
হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া জানান, ১৯৮৬ সালে সেনাবাহিনী এই ঝুলন্ত সেতুটি নির্মাণ করে। দুই বছর পর পর সংস্কার করা হলেও এখন এটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সম্প্রতি সেতু এলাকায় গিয়ে দেখা যায়, দুই প্রান্তে চারটি লোহার পিলারের সঙ্গে মোটা লোহার তার যুক্ত করে সেতুটি তৈরি হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে কাঠের পাটাতন। সেতুর কয়েকটি অংশে পাটাতন ভেঙে পড়ে গেছে। কথা হয় সেতু পার হয়ে আসা হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের সাবরিনা সুলতানা, রুনা আক্তার ও সাধন ত্রিপুরার সঙ্গে। তারা বলে, ‘আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হই। এর আগে সেতু পার হতে গিয়ে আমাদের কয়েকজন সহপাঠী তক্তা ভেঙে নদীতে পড়ে গিয়ে আহত হয়। এখানে স্থায়ী একটি সেতু হলে আমরা নিরাপদে স্কুলে যেতে পারব।’
হাচিনসনপুর এলাকার ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, ‘সেতুর কারণে আমাদের পাঁচ কিলোমিটার পথ ঘুরে বাজারে যেতে হয়। এক মণ ধান পরিবহন করতে লাগে ৩০ টাকা, এক বস্তা বেগুন ৫০ টাকা ও এক বস্তা সিমেন্ট নিতে লাগে ৫০ টাকা। সময়মতো যানবাহনও পাওয়া যায় না। সেতু নির্মিত হলে বাজারে যেতে সময় লাগবে মাত্র আট মিনিট।’
হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ঝুলন্ত সেতুটি পার হতে গিয়ে এ পর্যন্ত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
এ কারণে বিদ্যালয়টি থেকে ৭০–৮০ জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেছে। হাচিনসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ চৌধুরী বলেন, ‘সেতু পার হতে খুব ভয় হয়। আমরা শিক্ষকেরাও প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতু পার হয়ে বিদ্যালয়ে আসি।’
এ প্রসঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুল হক বলেন, সেতুটি প্রতিবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে সংস্কার করা হয়। কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তক্তাগুলো পচে যায়। ঝুলন্ত সেতুর স্থলে স্থায়ী সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছিল।