দীঘিনালায় ঝুঁকিপূর্ণ প্রশাসনিক ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৭ মার্চ সকাল সাড়ে ১০টায় নিজ দপ্তরে বসে কাজ করছিলেন দীঘিনালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয়ের উপখাদ্য পরিদর্শক নীলাবতী চাকমা। হঠাৎ ভবনের ছাদ থেকে কী যেন একটা টেবিলের ওপর আছড়ে পড়ে। আতঙ্কে সবাই বেরিয়ে আসেন কার্যালয়ের বাইরে। পরে ঢুকে দেখেন, টেবিলের ওপর ছাদ থেকে খসে পড়া কয়েক খণ্ড পলেস্তারা।ঘটনার বর্ণনা দিয়ে নীলাবতী চাকমা বলেন, ‘ভবনটি প্রায় ৫০ বছরের পুরোনো। ভয়ে ভয়ে কাজ করি, কখন আবার ছাদ থেকে এভাবে বড় আকারের পলেস্তারা খসে মাথার ওপর পড়ে।’শুধু খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় নয়, উপজেলার প্রায় অর্ধশত সরকারি দপ্তরের প্রশাসনিক কার্যক্রম চলছে পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনে।উপজেলা কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনগুলোরও একই রকম জরাজীর্ণ অবস্থা।জানা গেছে, ১৯১৬ সালে দীঘিনালা থানা হিসেবে স্বীকৃতি পায়। ১৯৬০ সালের দিকে থানা প্রশাসনের দাপ্তরিক কাজের সুবিধার্থে সার্কেল অফিসার (সিও) কার্যালয়ের ভবনসহ কয়েকটি পাকা ভবন নির্মাণ করে সরকার। ওসব ভবনেই এখনো চলছে বর্তমান উপজেলা প্রশাসনের কার্যক্রম।এ রকম একটি ভবনে রয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প সমন্বয়কের কার্যালয়। ভবনটির কিছু অংশ সংস্কার করা হলেও তা কাজ চালানোর মতো উপযুক্ত হয়নি বলে কর্মকর্তারা মন্তব্য করেন।উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা বলেন, ‘বৃষ্টি হলে ছাদ চুইয়ে কক্ষের ভেতর পানি পড়ে, পলেস্তারা খসে পড়ে। গত বছর বৃষ্টিতে কার্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ নথি ভিজে নষ্ট হয়ে গেছে। জানি না আর কত দিন এভাবে এখানে কাজ করতে হবে।’ দেখা গেছে, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, সোনালী ব্যাংক ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অবস্থাও নাজুক।উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন ভবন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে ছয়টি ভবনের সংস্কারের জন্য ২৩ লাখ ৫০ হাজার টাকার একটি প্রাক্কলন স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, উপজেলা কমপ্লেক্সের ভবনগুলো অনেক পুরোনো। নতুন ভবন না হওয়া পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম চালানোর সুবিধার্থে ভবনগুলোর সংস্কার জরুরি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বলেন, ‘আমার কার্যালয়ের ছাদ থেকেও সিমেন্ট খসে টেবিল সাদা হয়ে থাকে। ভবনগুলোর সংস্কার না হলে বর্ষা মৌসুমে কার্যালয়ে বসে কাজ করা কঠিন হবে।