দীঘিনালায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় শিশুদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচজন রোগী ভর্তি হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, গত ২২ দিনে (২ থেকে ২৪ মার্চ) ১০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ডায়রিয়ার ৫০ ও নিউমোনিয়া আক্রান্ত ১৬ শিশু চিকিৎসা নিয়েছে। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে আরও আট শতাধিক।
২৪ মার্চ সরেজমিনে দেখা গেছে, আলাদা কোনো ওয়ার্ড না থাকায় সমন্বিত ওয়ার্ডে শিশুদের চিকিৎসাসেবা দিতে হচ্ছে। ১০ শয্যার হাসপাতালে ওই দিন শিশু ভর্তি আছে ডায়রিয়া আক্রান্ত আট ও নিউমোনিয়ায় আক্রান্ত তিনজন। এদিকে বিপাকে পড়েছেন নিউমোনিয়া আক্রান্ত শিশুর অভিভাবকেরা। তাঁরা ঠিকভাবে শিশুর কফ পরিষ্কার করাতে পারছেন না। কারণ কফ নিষ্কাশনের নেবুলাইজার যন্ত্র থাকলেও তা লো-ভোল্টেজের কারণে রাত ১০টার আগে চালানো সম্ভব হচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নিশান চাকমা বলেন, গত একমাস ধরে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। রোটা ভাইরাসের কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আবার ঠান্ডা-গরমের মিশ্রণে শ্বাসকষ্টে ভুগছে কিছু শিশু।
নিশান চাকমা আরও বলেন, শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া থেকে রক্ষা করতে হলে অভিভাবকদের সচেতনতা জরুরি। শিশুকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পান করাতে হবে ফোটানো পানি। কোনোভাবেই ঠান্ডা ও বাসি খাবার খাওয়ানো যাবে না।