দীঘিনালায় ডায়রিয়া ও ম্যালেরিয়ার প্রকোপ
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় গত কয়েক মাসে ডায়রিয়া ও ম্যালেরিয়া রোগের প্রকোপ বেড়েছে। জুমখেতে কাজ করতে গিয়ে মশার কামড় খেয়ে প্রত্যন্ত এলাকার লোকজন আক্রান্ত হচ্ছেন ম্যালেরিয়ায়। অপর দিকে দূষিত ছড়ার পানি থেকে ছড়াচ্ছে ডায়রিয়া।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, জুমখেতে ছিটানো কীটনাশক ছড়ার (পাহাড়ি ঝরনা) পানিকে দূষিত করেছে। আর সে পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা। তবে বর্তমানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দল প্রত্যন্ত এলাকাগুলোতে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তারা জানান, দীঘিনালার দুর্গম গ্রাম মায়াপাড়া, তৈদুপাড়া ও শিবছড়ি এলাকায় গত জুন মাসে ডায়রিয়া মহামারী আকার ধারণ করেছিল। এরপর গত ১১ জুন থেকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দল গ্রামগুলোতে চিকিসাসেবা দিয়ে যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) নিশান চাকমা বলেন, মূলত জুমখেতে কীটনাশক ছিটানোর ফলে ছড়ার পানি বিষাক্ত হয়ে পড়েছিল। সে পানি পান করায় গত মে মাস থেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষজন।
তবে গত জুন মাসে ডায়রিয়া মহামারী আকারে ছড়িয়ে পড়ে উপজেলার তিনটি গ্রামে। চিকিৎসক দল উপদ্রুত এলাকাগুলোতে সেবা দেওয়ায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এ ছাড়া হঠাৎ বেড়ে যাওয়া ম্যালেরিয়াও নিয়ন্ত্রণে এসেছে।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এ পর্যন্ত ১০০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন বলে চিকিৎসকেরা জানান। এ ছাড়া চিকিৎসা নিয়েছেন ৫০০ রোগী। জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১৩৮ জন রোগী। ডায়রিয়া নিয়ন্ত্রণে গত ১১ জুন চিকিৎসক দল গঠন করা হয়।
মেরুং ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য হতেন্দ্র লাল ত্রিপুরা জানান, উপজেলার দুর্গম মায়াপাড়া, তৈদুপাড়া ও শিবছড়ি গ্রামে ১০ জুন থেকে ডায়রিয়া ছড়িয়ে পড়ে। ওই সময় শিবছড়ি গ্রামের সাক্ষ্যধন ত্রিপুরার স্ত্রী হতি রানি ত্রিপুরা(৪২) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা না থাকায় গ্রামবাসীরা ছড়ার পানি পান করেন। জুমে ছিটানো কীটনাশক বৃষ্টির পানির সঙ্গে মিশে ছড়ার পানিকে দূষিত করে তোলে। এতে গ্রামবাসীরা ডায়রিয়ায় আক্রান্ত হন।
অপর দিকে উপজেলায় হঠাৎ করে বেড়ে গেছে ম্যালেরিয়া। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তারা জানান, জুমখেতে কাজ করা লোকজনই বেশি ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন। জুন মাসে স্বাস্থ্যকেন্দ্রে ৩২ জন ম্যালেরিয়া রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া জরুরি বিভাগে ৬০ জন ও বহির্বিভাগে ২০০ রোগী চিকিৎসা নিয়েছেন। গত ৩০ জুলাই পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে ২২ জন ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী ভর্তি ছিলেন। তবে ডায়রিয়া ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যাননি বলে দাবি করেন চিকিৎসকেরা।