দীঘিনালায় তথ্যআপার মাধ্যমে প্রতি মাসে সেবা পাচ্ছেন আট শ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে
ছবি: প্রথম আলো

১৯ জানুয়ারি সকালে বেতছড়ি এলাকা থেকে আয়শা আক্তার এসেছিল তথ্যআপার দপ্তরে। আয়শা তথ্যআপাকে জানায়, সে ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। তার বাবা অসুস্থ থাকায় পড়াশোনা করাতে পারছে না। সে পড়ালেখা চালিয়ে নিতে আগ্রহী। তথ্যআপা সঙ্গে সঙ্গে কম্পিউটারে একটি আবেদন লিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নিয়ে যায়। ইউএনও তার পড়াশোনার ব্যবস্থা করে দেন। আয়শা বলে, ‘তথ্যআপা ও ইউএনও ম্যাডামের সহযোগিতায় আমি বিদ্যালয়ে আবার পড়তে পারছি।’

এভাবে খাগড়াছড়ির দীঘিনালায় তথ্যআপার মাধ্যমে প্রতি মাসে বিভিন্ন সেবা পাচ্ছেন আট শ নারী। সরকারের এই উদ্যোগটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় প্রতি মাসে দুর্গম এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুস্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, কৃষি ও সঞ্চয়সহ নানা বিষয়ে নারীদের সচেতন করতে চারটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। চলতি বছরে দুইটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। স্বামীর নির্যাতনের শিকার পাঁচজন নারীকে ১০৯ নম্বরে কল করে সমাধান দেওয়া হয়েছে।

গত ১৩ মার্চ সকালে উপজেলা পরিষদ এলাকায় তথ্যআপার কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন নারী তথ্য আপার দপ্তরে সেবা নিতে এসেছেন। কলেজটিলা এলাকার নিশা চাকমা ও গৃহিণী হ্যাপী চাকমাও অন্য নারীদের সঙ্গে সেবা নিতে এসেছেন। হ্যাপী বলেন, ‘মহিলা বিষয়ক অধিদপ্তরে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অনলাইনে প্রশিক্ষণের আবেদন করার জন্য তথ্যআপার দপ্তরে এসেছি। অনলাইনে আমাদের আবেদনগুলো করে দেওয়া হয়েছে।’
বেতছড়ি আকবর লিডার পাড়া থেকে হোসনেআরা বেগম ও হেলেনা খাতুন তথ্যআপার দপ্তরে এসেছিলেন করোনার টিকা নিবন্ধন করার জন্য। তথ্যআপা তাঁদের টিকার নিবন্ধন করে দিয়ে কার্ড প্রিন্ট করে দেন। তাঁরা দুজন বলেন, ‘আমাদের গ্রামে তথ্যআপার উঠান বৈঠকের মাধ্যমে বাল্যবিবাহসহ নারীদের বিভিন্ন সমস্যার বিষয়ে জেনেছি। এখন আমরা অনেক সচেতন। তথ্যআপা ও ইউএনও আমাদের নম্বর দিয়ে এসেছিলেন। গ্রামে কোনো বাল্যবিবাহ হলেই সঙ্গে সঙ্গে আমরা জানাব।’
উপজেলা তথ্যআপা স্বরুপিনী ত্রিপুরা বলেন, ‘প্রতি মাসে আমার দপ্তরে আট থেকে নয় শ নারী বিভিন্ন সেবা প্রাপ্তির জন্য আসেন। তাঁদেরকে আমি সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করি। অনেক সময় সরকারি সেবা প্রাপ্তির নম্বরে কল করেও সমাধান করে দিই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, ‘তথ্যআপার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নারী বিভিন্ন সেবা পাচ্ছেন। আমি নিজেও প্রত্যন্ত গ্রামে তথ্যআপার সঙ্গে গিয়ে উঠান বৈঠকে নারীদের সচেতনতার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরি।’