দীঘিনালায় দশবল রাজ বিহারের শতবর্ষ উদ্যাপন
খাগড়াছড়ির দীঘিনালার দশবল রাজ বিহারের শতবর্ষপূর্তি ও পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথ আশ্রমের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে তিন
দিনব্যাপী বুদ্ধ মেলা। তিন দিনের অনুষ্ঠান শুরু হয় ১৫ মার্চ সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। লারমা স্কয়ারে বিশ্ব শান্তি কামনায় বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন আঞ্চলিক সংঘনায়ক ধর্মবংশ মহাস্থবির।
তিন দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন। এ ছাড়া বৌদ্ধবিহারের পাশের জমিতে আয়োজন করা হয় বুদ্ধ মেলার। মেলায় রয়েছে নাগরদোলা, পুতুল নাচ ও সার্কাসসহ বিনোদনের নানা মাধ্যম। বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা নিয়ে এসেছেন নানা পণ্য।
প্রথম দিন চাকমা রাজ বংশের ৪৮তম রাজা প্রয়াত ভুবন মোহন রায়সহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিলোকানন্দ মহাস্থবির। প্রধান ধর্মালোচক ছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ জ্ঞানশ্রী মহাস্থবির। আলোচনা করেন আঞ্চলিক সংঘনায়ক ধর্ম বংশ মহাস্থবির, কবাখালী মৈত্রী বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির ও পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুগতলংকার স্থবির।
প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বক্তব্য দেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. শহিদুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, দশবল রাজ বিহার পরিচালনা কমিটির সভাপতি খোকন বিকাশ চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, গৌতম বুদ্ধের মহান বাণী বুকে ধারণ করলে পাপকর্মে মন যাবে না। বুদ্ধ শুধু কোনো জাতি বা গোষ্ঠী নয়, সব জীবের মঙ্গল কামনা করেছেন।
তিন দিনব্যাপী আয়োজনে প্রতিদিনই ছিল বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, সিবলী পূজা, গুণীজন সম্মাননা, স্মৃতিচারণা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯১৬ সালে এক বৌদ্ধ পূর্ণিমা তিথিতে চাকমা রাজবংশের ৪৮তম রাজা প্রয়াত ভুবন মোহন রায় খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী দশবল রাজ বিহারটি প্রতিষ্ঠা করেন। ১৯৬১ সালে বর্তমান বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ জ্ঞানশ্রী মহাস্থবির পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথ আশ্রমটি প্রতিষ্ঠা করেন।