দীঘিনালায় বিদ্যালয়ের মাঠে তামাকখেত!
খাগড়াছড়ির দীঘিনালায় ব্যাপক হারে বেড়েছে তামাক চাষ। তামাকের আগ্রাসন থেকে বাদ যায়নি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ পর্যন্ত। বিদ্যালয়ের মাঠে তামাক চাষ করায় ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পারছে না। হয় না প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি)।সরেজমিনে গিয়ে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার কবাখালী দাখিল মাদ্রাসার মাঠটি স্থানীয় এক ব্যক্তির কাছে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে তামাক চাষ করার জন্য বর্গা দেওয়া হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আলাউদ্দিন জানান, ‘দুই হাজার টাকায় মাঠটি বর্গা দেওয়া হয়েছিল সত্য। তবে মাঠ নেওয়ার সময় বলেছিল সবজি চাষ করবে, তামাকখেত করবে সে কথা জানায়নি। আমরা মাঠ থেকে তামাকখেত উচ্ছেদের ব্যবস্থা নেব।’ মেরুং ইউনিয়নের রেংক্যার্যা এলাকায় দেখা যায়, দাঙ্গাবাজারের পাশে অবস্থিত রেংক্যার্যা উচ্চবিদ্যালয় ও রেংক্যার্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে তামাকখেত। এ দুইটি শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি এবং একই মাঠ ব্যবহার করে। মাঠে তামাক চাষ করায় দুটি বিদ্যালয়ে তিন মাস ধরে বন্ধ রয়েছে প্রাত্যহিক সমাবেশ। রেংক্যার্যা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র জগদিশ চাকমা ও সুমন চাকমা জানায়, ‘মাঠে তামাক চাষ করায় আমরা খেলাধুলা করতে পারি না। দুপুরে বিরতির সময় বারান্দাতেই অলস সময় কাটাই।’ জানা যায়, বিদ্যালয়ের মাঠের মালিক স্থানীয় মৌজা প্রধান (হেডম্যান) পূর্ণকুমার চাকমা। তাই তিনি তাঁর জায়গায় তামাক চাষ করেছেন। রেংক্যার্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল হক বলেন, শুনেছি মাঠ হেডম্যানের। বিদ্যালয়ের বারান্দা ঘেঁষেই তামাক চাষ করা হয়েছে। মাঠ নেই তাই ছাত্রছাত্রীদের প্রাত্যহিক সমাবেশও করানো যাচ্ছে না। রেংক্যার্যা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জনমিত্র চাকমাও একই সমস্যার কথা স্বীকার করে বলেন, মাঠ না থাকায় ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পারছে না। রেংক্যার্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অপর্না চাকমা কার্বারী বলেন, ‘স্থানীয় মৌজার হেডম্যান পূর্ণকুমার চাকমা মাঠটি তাঁর দাবি করে গত দুই বছর থেকে তামাক চাষ করছেন। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ হেডম্যানকে অনেক অনুরোধ করেছি মাঠটিতে চাষ না করার জন্য কিন্তু তিনি শুনেননি।’ হেডম্যান পূর্ণকুমার চাকমা বলেন, ‘বিদ্যালয় দুটি আমার জায়গার ওপর স্থাপিত। আমি বিদ্যালয়ের নামে জায়গা দান করিনি। বিদ্যালয়ের মাঠটিও আমার। তাই এখানে তামাক চাষ করছি।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘বিদ্যালয় দুটির মাঠ স্থানীয় মৌজা প্রধান পূর্ণকুমার চাকমার এটা সত্য। ওনাকে মাঠটিতে তামাক চাষ না করার জন্য অনুরোধ করা হয়েছে। এমনকি এই মাঠের জায়গার পরিবর্তে অন্য কোনো স্থানে জায়গা দেওয়া হবে বলা হয়েছে। তার পরও তিনি মানেননি। স্থানীয়ভাবেও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তাঁকে (হেডম্যানকে) বোঝানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি মাঠের জায়গা দিতে কোনোভাবেই রাজি হননি।’