দীঘিনালায় বিদ্যুৎ যেন সোনার হরিণ
সপ্তাহের দুই দিন বিদ্যুৎ থাকে না বললেই চলে। অসহ্য দাবদাহে হাতপাখাই তখন বাসিন্দাদের সম্বল। বাকি পাঁচ দিন বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যে নিজের উপস্থিতিটুকু কেবল জানান দেয়। যা–ও কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে তা না থাকারই শামিল। কম ভোল্টেজের কারণে পাখা ঘোরে না, আলো জ্বলে মোমবাতির মতো। এই চিত্র খাগড়াছড়ির দীঘিনালা ও পার্শ্ববর্তী তিন উপজেলার।
ঘনঘন লোডশেডিং, বিদ্যুৎ–বিভ্রাট ও কম ভোল্টেজের কারণে খাগড়াছড়ির দীঘিনালা, রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার ১১ হাজার গ্রাহক এখন চরম ভোগান্তি পোহাচ্ছেন। এই তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয় দীঘিনালা উপকেন্দ্র থেকে। পুরোনো সঞ্চালন লাইনের সংস্কার চলতে থাকায় এই কেন্দ্র থেকে বর্তমানে সপ্তাহের দুই দিন শনি ও সোমবার ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। সপ্তাহের বাকি পাঁচ দিন পাঁচ থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ এলেও বিভ্রাটের কারণে প্রতি ঘণ্টায় কয়েকবার চলেও যায়। এ ছাড়া যখন বিদ্যুৎ থাকে, তখন ভোল্টেজ থাকে স্বাভাবিকের চেয়ে অনেক কম। গ্রাহকদের অভিযোগ, ২২০ ভোল্টের জায়গায় সরবরাহ করা হচ্ছে ১২০ ভোল্ট বা তারও কম ক্ষমতার বিদ্যুৎ। বিদ্যুৎ বিভাগ বলছে আগামী জুন মাসে এই উপকেন্দ্রের সঞ্চালন লাইন মেরামত করা হবে। তখন এই ভোগান্তি কিছুটা হলেও কাটতে পারে।
গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীঘিনালা উপকেন্দ্র থেকে ১৫ এপ্রিল সপ্তাহের শনিবার ও সোমবার নয় ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ জারি করা হয়। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখার কথা বলা হলেও বাস্তবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। এ ছাড়া যেখানে বিদ্যুতের ভোল্টেজ ২২০ ভোল্ট থাকার কথা সেখানে বর্তমানে বিদ্যুতের ভোল্টেজ থাকছে মাত্র ১২০ ভোল্ট। কম ভেল্টেজের কারণে পানির মোটর চলছে না। ঘুরছে না বৈদ্যুতিক পাখা।
দীঘিনালা বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৬ এপ্রিল থেকে হাটহাজারী গ্রিড স্টেশন থেকে খাগড়াছড়ি পর্যন্ত বৈদ্যুতিক খুঁটির তার পাল্টানোর কাজ শুরু হয়েছে। সপ্তাহের শনি ও সোমবার বৈদ্যুতিক খুঁটির তার পাল্টানোর কাজ চলে। সে জন্য ওই দুই দিন ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।
বিদ্যুতের এই অব্যবস্থাপনা গরমের অস্বস্তি আরও কয়েক গুণ বাড়িয়েছে। এ নিয়ে গ্রাহকেরাও ক্ষুব্ধ। হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া বলেন, একে তো বিদ্যুৎ থাকেই না। তার ওপর আবার সপ্তাহে দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। মাঝেমধ্যে বিদ্যুৎ এলেও তা কোনো কাজেই আসে না। পানির মোটর তো চলেই না, এমনকি বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বও জ্বলে না।
এ প্রসঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দীঘিনালা উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা বলেন, ‘হাটহাজারি গ্রিড স্টেশন থেকে বৈদ্যুতিক খুঁটিগুলো দিয়ে যে তার এসেছে তা অনেক পুরোনো। সে জন্য ভোল্টেজেরও সমস্যা হয় সব সময়। যেখানে ২২০ ভোল্ট পাওয়ার কথা সেখানে এখন পাওয়া যাচ্ছে গড়ে ১২০ ভোল্ট। শনিবার সন্ধ্যায় আমার নিজের বাসাতেও ভোল্টেজ ছিল মাত্র ৯৯ ভোল্ট।’
খাগড়াছড়ির বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাফর উল্লাহ বলেন, কম ভোল্টেজের সমস্যার কারণেই খুঁটির পুরোনো তার পাল্টানো হচ্ছে। এ জন্য শনি ও সোমবার এই দুদিন বিদ্যুৎ সরবরাহ দীর্ঘ সময় ধরে বন্ধ থাকছে। তার পাল্টানোর কাজ শেষ হতে জুন মাস নাগাদ লাগতে পারে।