দীঘিনালায় ভোটার বেড়েছে প্রায় ৮ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় হালনাগাদ ভোটার তালিকায় উপজেলার ৫টি ইউনিয়নে ভোটার বেড়েছে ৭ হাজার ৯৭৩ জন। গতবারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৭৯৫ জন। আগের ভোটার তালিকায় দীঘিনালায় মোট ভোটার ছিল ৬৫ হাজার ৮৭৩ জন। হালনাগাদ ভোটার তালিকায় বেড়ে হয়েছে ৭৩ হাজার ৮৪৬ জন।
উপজেলা নির্বাচন কার্যালয়ের দেওয়া তথ্যমতে জানা যায়, হালনাগাদ ভোটার তালিকায় উপজেলার মেরুং ইউনিয়নে পুরুষ ভোটার বেড়েছে ১ হাজার ৫১৩ জন, নারী ভোটার ১ হাজার ২২৮ জন, মোট ভোটার বেড়েছে ২ হাজার ৭৪১ জন। বোয়ালখালী (সদর) ইউনিয়নে ভোটার বেড়েছে ১ হাজার ৭৫০ জন। কবাখালী ইউনিয়নে বেড়েছে ১ হাজার ৩৫৫ জন। দীঘিনালায় ১ হাজার ৩০৯ জন এবং বাবুছড়া ইউনিয়নে বেড়েছে ৮১৮ জন ভোটার।
উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী ত্রিনয়ন চাকমা জানান, উপজেলার মেরুং, বোয়ালখালী ও কবাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) —এ তিনটি ইউনিয়নের নির্বাচন হয়েছিল ২০১১ সালের ১৯ জুন। দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হয়েছিল ২০১৩ সালের ৩ এপ্রিল। গতবার ৫টি ইউনিয়নে ভোটার সংখ্যা ছিল ৬৫ হাজার ৮৭৩ জন। হালনাগাদ ভোটার তালিকায় হয়েছে ৭৩ হাজার ৮৪৬ জন। ভোটার বেড়েছে ৭ হাজার ৯৭৩ জন। উপজেলা নির্বাচন কর্মকর্তা চৈতালী চাকমা বলেন, ‘দীঘিনালার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। গতবারের নির্বাচনে পাঁচটি ইউনিয়নের তফসিল একত্রে ঘোষণা করা হলেও জটিলতার কারণে দুটি ইউনিয়নের নির্বাচন দুই বছর পরে হয়েছে। বর্ধিত ভোটার সংখ্যার চূড়ান্ত তালিকা আমরা এখনো পাইনি।’