দীঘিনালায় মাদক-জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার বিভিন্ন এলাকায় মাদক আর জুয়ার আসর ব্যাপকহারে বেড়েছে। এসব অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে তরুণেরা। চুরি ও পারিবারিক অশান্তি সৃষ্টি করছে অনেকে। এ বিষয়ে ক্ষুব্ধ এলাকাবাসী এত দিন চুপ থাকলেও সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপারের কাছে প্রকাশ্যে অভিযোগগুলো তুলে ধরেন। সম্প্রতি থানা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে ‘জনতাই পুলিশ-পুলিশই জনতা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ ছাড়াও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহফুজ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় লোকজন উপজেলার বিভিন্ন এলাকায় মাদক আর জুয়ার আসরের ব্যাপকতা তুলে ধরেন। কবাখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদের অভিযোগ করেন, ‘বাজারসহ কবাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকাশ্যে গাঁজা বেচাকেনা ও জুয়ার আসর বসে। এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায় না।’ সনাতন যুব পরিষদের সভাপতি জীবন চৌধুরী বলেন, ‘থানার পাশের থানাপাড়ায় মাদক-জুয়াড়িদের তৎপরতা বেড়েছে। উঠতি বয়সের ছেলেরাই এসবের দিকে ঝুঁকছে বেশি। কয়েকবার প্রতিবাদ করে উল্টো হুমকির মুখে পড়েছি।’ পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি সমীর চাকমা অভিযোগ করেন, ‘থানার পাশে থানাবাজারে প্রকাশ্যে জুয়ার আসর বসে। উপজেলার বিভিন্ন স্পটে মাদক বিকিকিনি হয়। এসব জুয়া ও মাদকের কুফল হিসেবে সামপ্রদায়িক সমপ্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কাজেই জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। প্রয়োজনে পিসিপির পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’ বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোপাদেবী চাকমা বলেন, ‘মাদক আর জুয়ার বিস্তারের কারণে পারিবারিক কলহ বাড়ছে। টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের ঘটনাও ঘটছে।’ মেরুং ইউনিয়নের শিক্ষক রুহুল আমিন অভিযোগ করে বলেন, ‘মাদকের কারণে এলাকায় চুরিও বাড়ছে।’ রশিকনগর এলাকার চান মিয়া অভিযোগ করেন, ‘গত এক সপ্তাহে গ্রাম থেকে ১০টি গরু চুরি হয়েছে। এসব ঘটছে শুধু মাদকের ব্যাপক বিস্তার ও জুয়ার আসরের কারণে।’ স্থানীয় সাংবাদিক জাকির হোসেন বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পেছন দিকে প্রায় সময় হেরোইন বিক্রি হয়।’ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরাও এ অভিযোগ করেছেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশীষবরণ বড়ুয়া অভিযোগ করেন, ‘মাদক-জুয়ার ছড়াছড়ি রোধ করা না গেলে এলাকায় চুরি, ডাকাতি এমনকি সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষা করা কঠিন হতে পারে।’ অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, ‘আপনারা এভাবে পুলিশকে তথ্য জানিয়ে সহযোগিতা করবেন। আমি থানার কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভা করে এসব অনৈতিক কাজ বন্ধ করার উদ্যোগ নেব। আশা করি, এক মাসের মধ্যে এলাকাবাসী এর সুফল পাবেন।’