দীঘিনালায় যৌতুকের বলি গৃহবধূ
স্বামী ও ননদের নির্যাতন সহ্য করতে না পেরে দীঘিনালায় গৃহবধূ জেসমিন আক্তার (২০) ১০ জুলাই বিষপানে আত্মহত্যা করেছেন। জেসমিনের পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুলিশ জেসমিনের স্বামী আবদুর রহমান (২৫) ও ননদ মাফিয়া বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে।মাত্র নয় মাস স্বামীর সংসারে ছিলেন জেসমিন। এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী ও তাঁর পরিবারের লোকজনের হাতে নিয়মিত নির্যাতিত হতেন তিনি। এ ঘটনায় নিহত জেসমিনের মা নাজমা আক্তার ১০ জুলাই বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেছেন। জেসমিন আক্তারের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. এহতেশাম জানান, ‘যৌতুকের জন্য জেসমিনের ওপর নির্যাতন চালানোর প্রমাণ পাওয়া গেছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী ও ননদকে গ্রেপ্তার করা হয়েছে।’পুলিশ সূত্রে জানা যায়, জলিলটিলা গ্রামের আবদুর রহমানের সঙ্গে জেসমিনের বিয়ে হয় ২০১০ সালের অক্টোবরে। বিয়ের কিছুদিন পরই এক লাখ টাকা যৌতুকের দাবিতে জেসমিনের ওপর নির্যাতন শুরু করেন তাঁর স্বামী। স্বামীর সঙ্গে নির্যাতনে যোগ দিতেন ননদ মাফিয়া বেগম।জেসমিনের বাবা গিয়াস উদ্দিন জানান, ‘বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মেয়েকে নির্যাতন করা হতো। বেশ কবার ধান বিক্রি করে মেয়ের স্বামীকে টাকাও দিয়েছি। কিন্তু এবার ওরা আমার মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের কঠোর শাস্তি চাই।’ গত সোমবার উত্তর রশিকনগর গ্রামে জেসমিনদের গ্রামের বাড়ি গিয়ে দেখা যায়, শোকসন্তপ্ত গ্রামবাসীর ভিড়। মা নাজমা আক্তার বিলাপ করে বারবার মূর্ছা যাচ্ছেন। এ সময় জেসমিনের শাশুড়ি রাবেয়া বেগম সেখানে উপস্থিত হয়ে তাঁর ছেলে ও মেয়েকে কেন পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে জানতে চান। তাঁর ছেলে আবদুর রহমান নির্দোষ বলে তিনি দাবি করেন। এ সময় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।জেসমিনের শ্বশুরবাড়ির পাশে অবস্থিত কমিউনিটি বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা বেগম (৩৫) জানান, ‘প্রায় সময় জেসমিনকে তাঁর ননদ ও স্বামী মারধর করতেন।’ প্রতিবেশী নিজাম উদ্দিন জানান, ‘জেসমিনদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় গোঙানির শব্দ শুনে ভেতরে ঢুকি। তখন আবদুর রহমান জানান, তাঁর স্ত্রী জেসমিন বিষ খেয়েছে।’ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হেলাল উদ্দিন বলেন, ‘জেসমিনকে নিয়মিত নির্যাতন করা হতো। প্রতিবেশীরাও এর সত্যতা নিশ্চিত করেছেন।’