দীঘিনালায় লোকবল সংকটে ভূমিসংক্রান্ত কাজে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) পদটি শূন্য থাকায় ভূমিসংক্রান্ত কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। গত এক যুগ ধরে উপজেলায় সহকারী কমিশনার পদটি একরকম শূন্য রয়েছে। মাঝে গত বছর এই পদে একজন সহকারী কমিশনারকে পদায়ন করা হলেও ছয় মাস পর আবার তিনি অন্যত্র বদলি হয়ে যান। বর্তমানে এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা।
সহকারী কমিশনারের পাশাপাশি দীঘিনালা উপজেলা ভূমি কার্যালয়ের ১৩টি পদের মধ্যে ৭টি পদই শূন্য রয়েছে। ভূমি কার্যালয়ে লোকবলসংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। ভূমিসংক্রান্ত কাগজপত্র পেতে লাগছে দীর্ঘ সময়।
সহকারী কমিশনারের কার্যালয়ের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৪ সাল থেকে সহকারী কমিশনার পদটি শূন্য রয়েছে। মাঝে গত বছরের ৮ সেপ্টেম্বর এই পদে শামছুল হক নামে একজনকে পদায়ন করলেও মাত্র ছয় মাসের মাথায় চলতি বছরের ৮ এপ্রিল তাঁকে বদলি করা হয়। ভূমি কার্যালয়ে ১৩টি পদের মধ্যে সহকারী কমিশনার, দুইজন কানুনগো, একজন হিসাব সহকারী, একজন জারিকারক, একজন কার্যালয় সহায়ক, একজন চেইনম্যানসহ সাতজনের পদ শূন্য রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কার্যালয় সহকারী আক্তার হোসেন জানান, ১৩টি পদের মধ্যে ৭টি পদই শূন্য। ভূমি কার্যালয়ে প্রতিদিন গড়ে ২০ জন ব্যক্তি আসেন জমির নকলের (জমাবন্দী) জন্য। গড়ে নামজারি মামলা হয় চার থেকে পাঁচটি। সবচেয়ে সমস্যা হচ্ছে সহকারী কমিশনারের পদ শূন্য থাকায় জমির কাগজপত্রের নকল সময়মতো দেওয়া যায় না। কানুনগো না থাকায় মাঠ পর্যায়ে কাজগুলো সামলাতে হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিন ১০টির বেশি জমির কাগজপত্রের নকল দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে জমির একের পর এক আবেদন জমা রয়ে যাচ্ছে।
এলাকার বাসিন্দা রবিচন্দ্র চাকমা, লব রঞ্জন ত্রিপুরা, শ্যামল কান্তি চাকমা, পূর্ণেন্দু চাকমা, পিংকী দেওয়ান বলেন, ভূমি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী না থাকায় জমির জমাবন্দী পেতে তিন থেকে চার দিন অপেক্ষা করতে হয়। এতে সময় ও অর্থ দুটিই নষ্ট হচ্ছে।
উপজেলা হেডম্যান (মৌজাপ্রধান) অ্যাসোসিয়েশনের সভাপতি প্রান্তর চাকমা, সাবেক সভাপতি দীপঙ্কর দেওয়ান ও ৩১ নম্বর বোয়ালখালী মৌজার হেডম্যান ত্রিদীব রায় পোমাং প্রথম আলোকে বলেন, ভূমি কার্যালয়ে লোকবল না থাকায় সাধারণ মানুষ জমিসংক্রান্ত কাজে চরম ভোগান্তি পোহাচ্ছেন। বিশেষ করে সহকারী কমিশনার আর কানুনগো না থাকায় মানুষের ভোগান্তি বেড়েছে। একটি জমাবন্দীর জন্য সাধারণ মানুষ দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে।
সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরী বলেন, নিজ দায়িত্ব ছাড়াও সহকারী কমিশনার পদে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছে তাঁকে। সহকারী কমিশনার থাকলে কাজের গতি বাড়ত, মানুষও দ্রুত সেবা পেত। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চালানো যেত।
বর্তমানে এই পদে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন বলেন, ‘বর্তমানে আমি দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও দুটি উপজেলার সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছি। এতে লোকজনকে সেবা দিতে সমস্যা হচ্ছে।’