
খাগড়াছড়ির দীঘিনালা সদরের বুদ্ধপাড়া গ্রামে ৫০টি পরিবারের বসবাস। পাহাড়ি ঝিরি ঝরনা এই পাড়ার একমাত্র পানির উৎস। সাম্প্রতিক খরায় এই পাড়ার আশপাশের ঝরনাগুলো শুকিয়ে যাওয়ায় তীব্র পানিসংকটে পড়েছেন পাড়াবাসী। শুকিয়ে যাওয়া পাহাড়ি ঝরনার আশপাশের মাটি খুঁড়ে পানি সংগ্রহ করছেন তাঁরা। এতে পিপাসা মিটলেও গৃহস্থালির কাজকর্ম সারা যাচ্ছে না। কেবল বুদ্ধপাড়া নয়, খরায় পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় দীঘিনালার শতাধিক গ্রামের বাসিন্দা এখন পানির কষ্টে ভুগছে।
সম্প্রতি বুদ্ধপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, পাড়ার কাছে পাহাড়ের পাদদেশে শুকিয়ে যাওয়া ঝরনায় পাশাপাশি দুটো কুয়া খনন করেছেন গ্রামবাসী। একটি কুয়া এর মধ্যেই শুকিয়ে গেছে। অপর কুয়ার তলদেশে কিছুক্ষণ পর পর পানি জমা হয়। দিনভর সে পানি সংগ্রহে ব্যস্ত থাকতে হয় পাড়ার বাসিন্দাদের। কুয়ায় নেমে পানি সংগ্রহ করছিলেন পাড়ার বাসিন্দা লতিকা ত্রিপুরা (৩০)। তিনি জানান, খরায় পাড়ার নলকূপগুলো শুকিয়ে গেছে, মাটি খুঁড়ে পানি তুলে কোনো মতে কাজ সারছেন তাঁরা।
উপজেলার দুর্গম সীমানাপাড়া এলাকায় ৮০টি পরিবারের বসবাস। এই পাড়ার চরমতি ত্রিপুরা (২৮) জানান, গ্রামের বাসিন্দাদের পানি আনতে হয় পাহাড়ের নিচ থেকে। গ্রামে কোনো নলকূপ নেই। ঝিরি ঝরনাগুলোও শুকিয়ে গেছে।
উপজেলার গ্রামগুলো ঘুরে দেখা গেছে, কোনো কোনো গ্রামে রিং টিউবওয়েল থাকলেও সেগুলোতে পানি উঠছে না। কূপ খুঁড়েও পানি পাওয়া যাচ্ছে না অনেক স্থানে। উপজেলার নয় মাইল এলাকা, তপন কারবারিপাড়া, চন্দ্র কিরণ কারবারিপাড়া, মিলন কারবারিপাড়া, রথি চন্দ্র কারবারিপাড়ার ও শিবছড়িরসহ বিভিন্ন এলাকায় এখন তীব্র পানিসংকট চলছে।
সরকারি অর্থায়নে লাখ টাকা ব্যয়ে স্থাপন করা রিং টিউবওয়েলগুলোতেও পানি উঠছে না। উপজেলার বেশিরভাগ জায়গায় টিউবয়েলগুলো স্থাপনের এক বছরের মধ্যেই নষ্ট হয়ে গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রক্ষণাবেক্ষণের অভাবে টিউবয়েলগুলো অকেজো হয়ে পড়ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের ১১০টি রিং টিউবওয়েলের মধ্যে ৪১টি অকেজো। ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নে ৯৬টি রিং টিউবওয়েলের মধ্যে ৩৮টি নষ্ট। ৩ নম্বর কবাখালী ইউনিয়নের ৬২ টি রিং টিউবওয়েলর মধ্যে অকেজো হয়ে পড়েছে ২৩টি। বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, অনেক গ্রামে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। পানির কষ্ট দূর করার জন্য রিং টিউবয়েলগুলো স্থাপন করেও কাজ হয়নি। এতে সরকারের টাকার অপচয় হয়েছে। এই টিউবয়েলগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। এ টাকায় নলকূপ স্থাপন করলে অনেক ভালো হতো।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার বিশুদ্ধ পানির সংকটের কথা স্বীকার করে বলেন, ‘পানির স্তর নিচে নেমে যাওয়ায় রিং টিউবওয়েলগুলোতে পানি পাওয়া যাচ্ছে না। আমি সরেজমিন অনেক দুর্গম এলাকা ঘুরে পানিসংকটের চিত্র দেখেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি প্রতিবেদন দেওয়া হবে।’ ইউএনও ফজলুল জাহিদ বলেন, ‘উপজেলার গ্রামগুলোতে পানির সমস্যার কথা শুনে আমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে পরিস্থিতি দেখে এসে প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পাওয়ার পর জরুরি পদক্ষেপ নেওয়া হবে।’