দীঘিনালায় সব দলেই একক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী, কবাখালী ও মেরুং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও আঞ্চলিক দলগুলো থেকে একক প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোনো ‘বিদ্রোহী’ প্রার্থী নেই। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৭ জন। ইতিমধ্যে ২৯ ও ৩০ মার্চ শেষ হয়েছে বাছাইপর্ব। ৬ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৭ এপ্রিল তিন ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বোয়ালখালী ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নিউটন চাকমা, বিএনপির শান্তিপ্রিয় চাকমা, জেএসএসের (এম এন লারমা) চয়ন বিকাশ চাকমা, ইউপিডিএফের কল্যাণ চাকমা ও স্বতন্ত্র থেকে ত্রিদিব রায় প্রার্থী হয়েছেন।
কবাখালীতে বিএনপির প্রার্থী নেই। আওয়ামী লীগের জাহাঙ্গীর হোসেন, জেএসএসের (এম এন লারমা) মানিক চাকমা, ইউপিডিএফের বিশ্ব কল্যাণ চাকমা, জাসদের কমল বিকাশ চাকমা, স্বতন্ত্র প্রীতি তালুকদার ও রূপায়ণ চাকমা প্রার্থী হয়েছেন। মেরুংয়ে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের রহমান কবির, বিএনপির মোসলেম উদ্দিন, জেএসএসের (এম এন লারমা) শান্তি লোচন দেওয়ান, ইউপিডিএফের সুজয় চাকমা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোহাম্মদ ইসহাক ও স্বতন্ত্র হেমব্রত চাকমা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ কাশেম ও উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন জানান, নির্বাচন ঘিরে তৃণমূলের নেতা-কর্মীরা চাঙা হয়ে উঠেছেন। এখন অপেক্ষা প্রতীক বরাদ্দের। এরপর জোরেশোরে প্রচারণা শুরু হবে।
রিটার্নিং কর্মকর্তারা জানান, প্রতিটি ইউনিয়নে তিনটি করে সংরক্ষিত নারী সদস্য ও নয়টি সাধারণ সদস্যপদ রয়েছে। এতে মেরুংয়ে সংরক্ষিত
নারী সদস্যপদে ১২ ও নয়টি ওয়ার্ডের সাধারণ সদস্যপদে ৫৫ জন, বোয়ালখালীতে সংরক্ষিত নারী সদস্যপদে আট ও সাধারণ সদস্যপদে ৩১ জন এবং কবাখালীতে সংরক্ষিত নারী সদস্যপদে ১২ ও সাধারণ সদস্যপদে ৩৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে মেরুং ও কবাখালীতে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরী বলেন, ৭ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করা হবে।