দীঘিনালায় সুদীর্ঘ চাকমাসহ চার আদিবাসী নেতাকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাতৃঘাতী সংঘাতে নিহত সুদীর্ঘ চাকমাসহ চার আদিবাসী নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভার আয়োজন করেছে চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমনএন লারমা) ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১২ মার্চ এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নিহত নেতাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জেএসএস খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি প্রীতিময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন জেএসএসের জেলা শাখার সহকারী তথ্য ও প্রচার সম্পাদক প্রীতি খীসা, ছাত্রনেতা দীপু চাকমা ও শতসিদ্ধি চাকমা। শোক প্রস্তাব পাঠ করেন পিসিপির উপজেলা শাখার সভাপতি রাজ্যময় চাকমা।
স্মরণসভায় বক্তারা বলেন, জুম্ম জাতির অধিকার আদায় করতে গিয়ে ভ্রাতৃঘাতী সংঘাতে অনেক মেধাবী প্রাণ ঝরে গেছে। এই চার নেতাও সংঘাতের বলি।
বক্তারা অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান। পাশাপাশি চার নেতা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান।
উল্লেখ্য, ২০১৩ সালের ১২ মার্চ রাঙামাটির লংগদু উপজেলার দোজরপাড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে জেএসএস রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা (৩৮), যুব সমিতির নেতা জীবন চাকমা (২২), পিসিপি দীঘিনালা ডিগ্রি কলেজের সভাপতি সুখেন চাকমা (২০) ও ছাত্রনেতা গুণেন্দু চাকমা (২১) নিহত হন।