দীঘিনালায় সেচসংকট ৪৫০ হেক্টর জমিতে বোরো চাষ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় সেচের অভাবে ৪৫০ হেক্টর জমিতে বোরো চাষ ব্যাহত হতে পারে। এলাকার দুটি ব্লকে একটি স্লুইসগেট ও বাঁধ ধসে যাওয়ায় এ আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে প্রায় এক হাজার চাষি এবার বোরো আবাদ করতে পারবেন না। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরে আমন মৌসুমে উপজেলার পাবলাখালী ও দীঘিনালা কৃষি ব্লকে এক হাজার ২০০ চাষি ৫৮৫ হেক্টর জমিতে আমন চাষ করেছেন। আমন মৌসুমে পানির সমস্যা না থাকায় আমনের ফলন ভালো হয়েছিল। কিন্তু সেচসংকটের কারণে এবার বোরোর আবাদ আশানুরূপ নাও হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বোরো মৌসুমে সেচ সমস্যার কথা স্বীকার করেছেন। সরকারিভাবে খাদ্যশস্য বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে বাঁধ মেরামত করে চাষিদের সেচের আওতায় আনা হবে বলে জানান তিনি।পাবলাখালী ব্লকের কৃষক সুশান্ত চাকমা বলেন, ১৯৯৭ সালে পাবলাখালী ছড়ায় একটি স্লুইসগেট নির্মিত হয়। এর ফলে সেচের সমস্যা অনেকটা সমাধান হয়েছিল। কিন্তু ছয় বছর আগে স্লুইসগেটটি হেলে পড়ায় সেচ সমস্যা প্রকট হয়। পরে ২০০৭ সালে উপজেলা প্রশাসন স্লুইসগেটের পাশে বাঁধ নির্মাণ করে কিন্তু দুই বছর আগে বন্যায় সেটি ধসে যায়। ফলে দুই বছর ধরে বোরো মৌসুমে ঠিকমতো আবাদ হচ্ছে না। পাবলাখালী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা গীতা রানী বিশ্বাস বলেন, ‘এ ব্লকে আমন মৌসুমে সাড়ে পাঁচ শ চাষি ২৭০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করেছেন। আমনের ফলনও ভালো হয়েছে। কিন্তু এ ব্লকের স্লুইসগেট ও বাঁধ ধসে যাওয়ায় ৬৫ শতাংশ চাষি বোরো আবাদ করতে পারবেন না। গত বছরও বোরো মৌসুমে একই সমস্যার কারণে মাত্র ১৫৪ জন চাষি ১০০ হেক্টর জমিতে বোরো চাষ করেছিলেন। তবে ঠিকমতো জমিতে সেচ দিতে না পারায় ফলন ভালো হয়নি। দীঘিনালা ব্লকের কৃষি কর্মকর্তা সমর বিজয় চাকমা বলেন, পাবলাখালী ব্লকে ৬৫০ জন চাষি ৩১৫ হেক্টর জমিতে আমন চাষ করেছে। অথচ নন্দেশ্বর কার্বারিপাড়ার কৃষি বাঁধ ধসে যাওয়ায় মাত্র দুই শতাধিক চাষি ৫০ হেক্টর জমিতে বোরো চাষ করেছেন। কিন্তু ফলন ভালো হয়নি। চলতি বোরো মৌসুমে দীঘিনালা ব্লকেও সেচসুবিধা না থাকার কারণে চাষিরা বোরো চাষে আগ্রহী হচ্ছেন না।