দীঘিনালায় সেচের অভাবে বোরোর আবাদ ব্যাহত
খাগড়াছড়ির দীঘিনালার প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমির মধ্যে এই মৌসুমে বোরো চাষ হয়েছে ১ হাজার ৬৯২ হেক্টর জমিতে। তিন হাজার হেক্টর জমি অনাবাদি থেকে গেছে। সেচ ও নালার ব্যবস্থা না থাকায় এমন সংকট সৃষ্টি হয়েছে। কৃষি কর্মকর্তাদের আশঙ্কা, এতে প্রায় ১২ হাজার ৪৩৫ মেট্রিকটন চাল কম উৎপাদিত হবে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সেচের অভাবে উপজেলার কবাখালী ও দীঘিনালা কৃষি ব্লকে ৫৫৫ হেক্টর জমির মধ্যে বোরো চাষ হয়েছে মাত্র ১৫৫ হেক্টর জমিতে। বাকি কৃষি ব্লকগুলোরও একই অবস্থা। অথচ চলতি বছরে আমন মৌসুমে উপজেলার ২২টি কৃষি ব্লকে ৪ হাজার ৭১০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছিল। তখন পানির সমস্যা না থাকায় ১২ হাজার ৭০৩ মেট্রিকটন চাল উৎপাদিত হয়েছে।
কবাখালী ও দীঘিনালা দুটি কৃষি ব্লকে সেচসুবিধা না থাকায় প্রায় এক হাজার চাষি বোরো আবাদ করতে পারেননি। কবাখালী কৃষি ব্লকের চাষি মাহেন্দ্রী চাকমা বলেন, উপজেলার মধ্যে এ দুটি ব্লকের জমি উর্বর হলেও সেচসুবিধা না থাকায় কয়েক বছর ধরে বোরো চাষ করা যাচ্ছে না। দীঘিনালা কৃষি ব্লকের চাষি প্রদীপ চাকমা বলেন, ‘আমাদের প্রত্যেকের দুই–তিন একর করে চাষের জমি আছে। কিন্তু আমরা সেচের অভাবে চাষ করতে পারিনি।’
দীঘিনালা কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সমর বিজয় চাকমা বলেন, ‘আমন মৌসুমে আমার আওতাধীন কৃষি ব্লকে ২৮৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছিল। কিন্তু বোরো মৌসুমে সেচসুবিধা না থাকায় মাত্র ৮৭ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। বাকি ২০০ হেক্টর জমি পতিত পড়ে আছে। অথচ দীঘিনালা কৃষি ব্লকের জমি সমতল ও উর্বর।’
কবাখালী কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম জাবেদ বলেন, কবাখালী কৃষি ব্লকে আমন মৌসুমে ২৭০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছিল। কিন্তু বোরো মৌসুমে সেচসুবিধা না থাকায় মাত্র ৭৪ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা বলেন, আমন মৌসুমে চার হাজার ৭১০ হেক্টর জমিতে চাষ করা হয়েছিল। কিন্তু বোরো মৌসুমে চাষ হয়েছে মাত্র এক হাজার ৬৯২ হেক্টর জমিতে। বাকি তিন হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা না থাকায় বোরো চাষ করতে পারেননি চাষিরা। এসব জমিতে বোরো চাষ করতে পারলে ১২ হাজার ৪৩৫ মেট্রিক টন চাল বেশি উৎপাদনের সম্ভাবনা ছিল।