‘টানা ১৪ দিন অসুস্থ ছিলাম, কিন্তু বিশ্রাম পাইনি। অসুস্থ শরীর নিয়েই দিনরাত দায়িত্ব পালন করতে হয়েছে। আমরা রোগীদের সেবা করি অথচ আমরা অসুস্থ হলে ছুটি পাই না। আমাদের কষ্টের কথা শোনার কেউ নেই।’ নিজেদের বঞ্চনার কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জ্যেষ্ঠ সেবিকা শর্মিলী দাশ। প্রেষণ প্রথা বাতিল ও পদায়নের দাবিতে ১৭ অক্টোবর দেড়ঘণ্টা দায়িত্বপালন থেকে বিরত থাকেন দীঘিনালা স্বাস্থ্যকেন্দ্রের সেবিকারা। পরে জেলা সিভিল সার্জনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা পুনরায় দায়িত্বে যোগদান করেন। ১৭ অক্টোবর সরেজমিনে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গেলে, নার্স ইনচার্জ মায়া রানী চাকমা জানান, ‘আমরা প্রতিনিয়ত রোগীদের সেবা দিচ্ছি, অথচ আমাদের সেবা তো দূরের কথা বিশ্রাম নেওয়ার পর্যন্ত সময় নেই। রাত দিন দায়িত্ব পালন করতে হয়। ১০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ২২ জন রোগী ভর্তি আছে। নয়জন সেবিকার মধ্যে দুইজনকে প্রেষণে খাগড়াছড়ি সদর হাসপাতালে ও আরও দুইজনকে তিন বছর মেয়াদি উচ্চতর প্রশিক্ষণে পাঠানো হয়েছে। যার কারণে নয়জনের দায়িত্ব আমাদের পাঁচজনকে পালন করতে হচ্ছে।’ চারজন সেবিকা প্রেষণে থাকায় নতুন পদায়নও হচ্ছে না। এই কারণে সেবিকারা প্রেষণ প্রথা বাতিলের দাবি তুলেছেন। সেবিকা শর্মিলী দাশ বলেন, ‘আমাদের সমস্যার কথা গত ৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে তুলে ধরেছি। এর পরও পরিস্থিতি পাল্টায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার বলেও কোনো কাজ হয়নি।’ সেবিকা নমিতা মল্লিক বলেন, ‘আমার নিজের শ্বাসকষ্ট (হাঁপানি) আছে। টানা কাজ থাকায় পর্যাপ্ত বিশ্রাম নিতে পারি না।’স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডা. পলাশ নাগ সেবিকাদের কষ্টের কথা স্বীকার করে বলেন, এ স্বাস্থ্যকেন্দ্রে রোগীর সংখ্যা বেশি। ১০ শয্যার হলেও গড়ে ১৫ থেকে ২০ জন রোগী ভর্তি থাকে। নয়জনের দায়িত্ব পাঁচজন পালন করতে হচ্ছে বলে কর্মরত ব্যক্তিদের ওপর চাপ পড়ছে বেশি। এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে। এ ব্যাপারে খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরী বলেন, ‘দীঘিনালা স্বাস্থ্যকেন্দ্রের সেবিকারা সোমবার কয়েক ঘণ্টা দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন। তবে এতে রোগীদের কোনো সমস্যা হয়নি। তাঁরা তাঁদের সব দাবি-দাওয়ার কথা আমাকে জানিয়েছেন। আমি তাঁদের সমাধানের আশ্বাস দিয়েছি।’