দীঘিনালায় স্বেচ্ছাশ্রমে গ্রামবাসীর বাঁধ নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকারি বরাদ্দে বাঁধ নির্মিত হবে—এমন আশা করে বোরো চাষ করতে পারিনি গত বছরও। এ বছরও সে আশায় বসে থাকলে চাষ হবে না। তাই আমরা স্বেচ্ছায় বাঁধ নির্মাণ করার উদ্যোগ নিয়েছি।’ বলছিলেন খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম কৃপাপুর গ্রামের বৃদ্ধ শীব রতন চাকমা। দেড় শ একর জমিকে বোরো চাষের আওতায় আনতে কৃপাপুর গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজেরাই বাঁধ তৈরির উদ্যোগ নেন। গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কৃপাপুর এলাকার কৃষিজমি পড়েছে পাবলাখালী কৃষি ব্লকে। গত বছর সেচসুবিধা ও পানির সমস্যার কারণে এ ব্লকের দেড় শ একর জমি বোরো মৌসুমে অনাবাদি ছিল। তাই এ বছর অনাবাদি জমি আবাদ করার জন্য গ্রামের ৪০ পরিবার নভেম্বর মাসে সভা করে সবাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেন। গত ৩১ ডিসেম্বর কৃপাপুর এলাকায় দেখা যায়, গ্রামের লোকজন মিলেমিশে পাশের জমি থেকে মাটি কাটছেন। একদল মানুষ মাথায় ঝুড়ি নিয়ে বাঁধে মাটি ফেলছেন। কেউ খুঁটি পুঁতছেন, আবার কেউ বাঁশের বেড়া তৈরি করছেন। কৃপাপুর গ্রামের শিক্ষক কনক চাকমা বলেন, ‘পাবলাখালী ব্লক বিশাল। আমরা স্বেচ্ছায় যে বাঁধ তৈরি করছি তা দিয়ে এ ব্লকের মাত্র দেড় শ একরের মতো জমি চাষ করা যাবে। কিন্তু আরও বিশাল পরিমাণ জমি অনাবাদি থেকে যাবে।’ কৃপাপুর গ্রামের প্রীতিময় চাকমা ও অশ্বিনী কুমার চাকমা জানান, ১৯৯৮ সালের শেষের দিকে পার্বত্য চট্টগ্রাম পল্লি উন্নয়ন প্রকল্প (সিএইচটিআরডিপি) থেকে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে কৃপাপুরে একটি পাকা বাঁধ দেওয়া হয়েছিল। কিন্তু নির্মাণের তিন দিনের মাথায় তা ধসে পড়ে। কবাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা জানান, সেচসুবিধা না থাকার কারণে এলাকার বিশাল পরিমাণ জমি অনাবাদি থেকে যাচ্ছে।এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মোহন কুমার ঘোষ বলেন, ‘পাবলাখালী ব্লকের সমস্যার কথা শুনেছি। গ্রামবাসী যে স্বেচ্ছাশ্রমে বাঁধ তৈরি করে জমি আবাদের আওতায় আনছেন তা প্রশংসনীয়। এত বড় একটি বিলের জমি অনাবাদি থাকা দুঃখজনক। আমাদের সাধ থাকলেও সাধ্য নেই।’ তিনি সরকারি উন্নয়ন সংস্থাগুলোকে এ ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান।