দীঘিনালায় ৩২ কেন্দ্রের ১৩টি ঝুঁকিপূর্ণ
দীঘিনালার তিন ইউনিয়নের ৩২ কেন্দ্রের মধ্যে ১৩টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ১৯ জুন অনুষ্ঠেয় নির্বাচন নির্বিঘ্ন করতে প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচনের দিন মেরুং, বোয়ালখালী (সদর) ও কবাখালী ইউনিয়নে ১১ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আটটি ভ্রাম্যমাণ দলের জন্য আটজন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য দুজন এবং স্ট্রাইকিং ফোর্সের জন্য একজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ১৭-২০ জুন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করবেন। এ ছাড়া নির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি দল, পুলিশের নয়টি দল দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে ১২ জন পুলিশসহ আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন। বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সেনাবাহিনী পর্যবেক্ষণে থাকবে।উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে দুটিতে এবার নির্বাচন হচ্ছে না। একটি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন প্রার্থীদের ভয়ভীতি দেখাচ্ছে—এমন অভিযোগ ওঠার পর গত ৩০ মে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সিদ্ধান্তে নির্বাচন কমিশন দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা জানান, তিন ইউনিয়নের ৩২ কেন্দ্রের মধ্যে ১৩টি অধিক ঝুঁকিপূর্ণ। তবে সব কেন্দ্রেই প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। অপরদিকে দীঘিনালার চেয়ারম্যান পদপ্রার্থী প্রজ্ঞান জ্যোতি চাকমা ও বাবুছড়া ইউনিয়নের উমেষ কান্তি চাকমা জানান, নির্বাচন স্থগিত করার মতো কোনো ঘটনা ঘটেনি। আঞ্চলিক সংগঠন থেকে হুমকি দেওয়ার তথ্য সঠিক নয়। পুলিশ সুপার আবু কালাম ছিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার বিষয়টি জানার পর আমি সরেজমিনে গিয়ে ভোটার ও প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। একটি আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে প্রার্থীদের হুমকি দেওয়ার সত্যতা পাওয়া গেছে।’ জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া জানান, পুলিশ সুপারের তদন্ত ও অন্য সূত্রে হুমকির বিষয়ে সত্যতা পাওয়ার পর গত ৩০ মে জেলা আইনশৃঙ্খলা রক্ষা সেলের জরুরি সভা হয়। সভায় পরিস্থিতি অনুকূলে না থাকায় দুই ইউনিয়নের নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশনে প্রস্তাব পাঠানো হয়।