দীন ইসলাম এখন সিঙ্গাপুরের পরিচিত মুখ
বন্দরে অস্থায়ী ভিত্তিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন দীন ইসলাম। কখনো সিঙ্গাপুরের নাম শোনেননি তিনি। কিন্তু নয় দিন কনটেইনারের অন্ধকার কক্ষে জীবনপণ লড়াই করে বেঁচে যাওয়া দীন ইসলাম এখন সিঙ্গাপুরের পরিচিত মুখ।দীন ইসলামের বেঁচে যাওয়ার ঘটনার সংবাদ হাতছাড়া করতে চায়নি সিঙ্গাপুরের পত্রিকাগুলোও। দীন ইসলাম উদ্ধার হওয়ার পর তাঁর কাহিনি নিয়ে সিঙ্গাপুরের স্থানীয় পত্রিকায় মূল প্রতিবেদনও ছাপা হয়েছে। নিয়মিত ফলো-আপ প্রতিবেদন হিসেবেও গুরুত্ব পেয়েছে দীন ইসলামের ঘটনাটি। বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থা এবং পত্রিকায় গুরুত্ব পেয়েছে বিষয়টি।গত ১০ এপ্রিল সিঙ্গাপুরের পাসির পানজাং টার্মিনাল থেকে উদ্ধার হওয়ার পর সিঙ্গাপুরের দ্য নিউ পেপার, দ্য স্ট্রেইট টাইমস এ ঘটনা নিয়ে একাধিক প্রতিবেদন ছাপে। বিষয়টি গুরুত্ব পায় সিঙ্গাপুর থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা বাংলার কণ্ঠেও। পত্রিকায় তাঁর ঘটনা প্রচার হওয়ায় সিঙ্গাপুরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।সিঙ্গাপুর থেকে বাংলার কণ্ঠের সম্পাদক এ কে এম মোহসীন টেলিফোনে গতকাল (শনিবার) প্রথম আলোকে বলেন, দীন ইসলামের ঘটনা পত্রিকায় বেশি প্রচার পেয়েছে। এ কারণে শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, সিঙ্গাপুরের লোকজনের কাছেও তিনি এখন পরিচিত মুখ। তাঁর ঘটনা প্রকাশ করার কারণে বাংলার কণ্ঠ মে-জুন সংখ্যা বাড়তি দুই হাজার কপি ছাপতে হয়েছে বলেও জানান সম্পাদক মোহসীন।গত বৃহস্পতিবার দেশে ফিরে আসেন দীন ইসলাম। শুক্রবার বাবা-মায়ের সঙ্গে প্রথম দেখা হয় বিশ্ব কলোনিতে। প্রথম আলোকে তিনি বলেন, ‘সিঙ্গাপুরের নাম কখনো শুনিনি। কিন্তু এই দুর্ঘটনাই আমাকে সেখানে নিয়ে গেল। কীভাবে যে বেঁচে গেলাম ভাবলেই এখনো গা শিউরে ওঠে।’ দীন ইসলাম বলেন, ‘সিঙ্গাপুরে থাকার সময় মোহসীন ভাইয়ের (বাংলার কণ্ঠের সম্পাদক) মাধ্যমে সেখানকার পত্রিকাগুলো অনেক বার সাক্ষাৎকার নেয়। ছবিও প্রকাশ করে। পড়াশোনা না জানলেও স্মৃতি হিসেবে এগুলো সংগ্রহ করে রেখেছি।’দীন ইসলামকে নিয়ে পত্রিকায় প্রচারের কারণে প্রবাসী বাংলাদেশিরাও তাঁর সাহায্যে এগিয়ে আসেন। প্রবাসীদের দেওয়া অর্থের কিছু অংশ দিয়ে দীন তাঁর বাবা-মা ও পরিবারের জন্য উপহার নিয়ে আসেন। দীন বলেন, ‘মোহসীন ভাই এবং দেবী ফারডাইস নামে এক মার্কিন মহিলার কথা কখনো ভুলতে পারব না। প্রবাসী বাংলাদেশিরা যেভাবে এগিয়ে এসেছে সেটাও ভোলার নয়।’দেশে আসার পর নিজের জীবন সম্পর্কে নতুন উপলব্ধি হয়েছে দীনের। একসময় গাঁজার নেশায় বুঁদ হয়ে থাকতেন। পরিবারের খোঁজ নিতেন না। তবে অলৌকিকভাবে বেঁচে যাওয়ার পর বুঝতে পেরেছেন, নেশার জীবন কোনো জীবন নয়। এই জীবন অর্থবহ।বললেন, ‘আর কখনো নেশা করব না। যাদেরকে দেখব-তাদেরকেই নেশা না করতে বলব। বেঁচে যাওয়ার পর এটা আমার নতুন জীবন।’