প্রথম দেখায় মনে হবে বিলাসবহুল জাহাজের কেবিন। মেঝেতে কাঠের পাটাতন, ছাদ থেকে ঝুলছে নোঙর ফেলার মোটা মোটা দড়ি। কাচের জানালার ফ্রেমগুলোও ঠিক সমুদ্রগামী জাহাজের জানালার মতো। চোখে পড়বে এমনকি পণ্যবাহী কনটেইনারও। প্রাথমিক বিভ্রম কেটে গেলে বোঝা যাবে, আসলে এটি একটি বইয়ের দোকান। জাহাজের আদলে এর অভ্যন্তরীণ সজ্জা। তবে শুধু অভিনব আদলটিই এর একমাত্র বৈশিষ্ট্য নয়। এই সময়ে বাংলাদেশের অন্যতম আলোচিত বইয়ের দোকান এটি, কি পরিসরের দিক থেকে, কি বইয়ের বিষয়-বৈচিত্র্য ও সংগ্রহের দিক থেকে। এই শীতাতপনিয়ন্ত্রিত সুপরিসর গ্রন্থবিপণিতে ঘুরেফিরে দেখেশুনে বই কেনার ব্যবস্থা যেমন আছে, তেমনি আছে কফি কর্নারে বসে চা বা কফিতে চুমুক দিতে দিতে বই পড়া কিংবা ম্যাগাজিনের পাতা ওল্টানোর ব্যবস্থাও। বইপ্রেমীরা তাই ভালোবেসে ফেলেছেন ‘বাতিঘর’ নামের বই বিপণিটিকে। চট্টগ্রামের দর্শনীয় স্থানের তালিকায় এখন এর নাম।কোনো বিত্তবান ব্যক্তি বা শিল্পপতির বিনিয়োগে গড়ে ওঠেনি বাতিঘর। মফস্বল থেকে আসা বইপ্রেমী এক তরুণের অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের ফসল এই প্রতিষ্ঠান। তাঁর নাম দীপংকর দাশ।বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মী ছিলেন দীপংকর। এর কান্ডারি আবদুল্লাহ আবু সায়ীদের সান্নিধ্যে এসে পেয়েছিলেন একটি সঞ্জীবনী মন্ত্র, ‘মানুষ তাঁর স্বপ্নের সমান বড়’। সেই স্বপ্ন দেখার সাহসই এত দূর এনেছে তাঁকে।চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্ম দীপংকরের। সেখানেই স্কুলজীবন। কলেজে পড়ার জন্য এসেছিলেন পটিয়া সদরে। এখানে তখন ‘মুস্তাফিজুর রহমান পাবলিক লাইব্রেরি’ নামে একটি সমৃদ্ধ পাঠাগার ছিল। সেই পাঠাগারে নিয়মিত যাওয়া-আসা করে বিরাট এক পৃথিবীকে জানলেন, বইকে ভালোবাসতে শিখলেন। সেই পাঠাগারের তরুণ পাঠকেরা গড়ে তুলেছিলেন ‘মালঞ্চ সচেতন সাহিত্য গোষ্ঠী’ নামের একটি সংগঠন। দীপংকর ছিলেন এই সংগঠনের সক্রিয় সদস্য। ১৯৯৭ সালে পটিয়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের শাখা গঠিত হলে দীপংকর হন এই শাখার সংগঠক। দুই বছর দায়িত্ব পালনের পর, বিশ্বসাহিত্য কেন্দ্র যখন ঢাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরি চালুর উদ্যোগ নেয়, তখন সায়ীদ স্যার ঢাকায় ডেকে পাঠান তাঁকে। এই প্রকল্পের সমন্বয়কারীদের একজন ছিলেন দীপংকর। প্রকল্পে কাজ করতে গিয়ে একদিকে বই কেনাকাটার সূত্রে প্রকাশকদের সঙ্গে গড়ে উঠল হূদ্যতাপূর্ণ সম্পর্ক, অন্যদিকে পাঠকদের মন ও প্রবণতার হদিস পাওয়া গেল। এই দুটি বিষয়ই দীপংকরের স্বপ্নের সলতেয় আগুন জ্বালিয়েছিল।২০০১ সালে চট্টগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি চালুর উদ্যোগ নিয়ে দীপংকরকে আবার চট্টগ্রাম পাঠান সায়ীদ স্যার। এখানে ভ্রাম্যমাণ লাইব্রেরির সাফল্য এল আরও দ্রুত। ঢাকায় এই লাইব্রেরির দুই হাজার সদস্য সংগ্রহ করা হয়েছে এক বছরে, চট্টগ্রামে একই সংখ্যার সদস্য হয়েছেন মাত্র তিন মাসে। তখন থেকেই নিজে একটি বই বিপণি গড়ে তোলার কথা ভাবতে শুরু করেন দীপংকর। কিন্তু ভাবনার সঙ্গে সংগতি রেখে এগোনোর সামর্থ্য ছিল না তাঁর। মা-বাবার একমাত্র সন্তান, তার ওপর পিতৃহীন হয়েছেন জন্মেরও দুই মাস আগে। স্বপ্নপূরণে তাই দীপংকরকে অপেক্ষা করতে হলো আরও চারটি বছর। চাকরি থেকে সঞ্চয়ের অল্প কিছু টাকা আর ধার-দেনা করে ২০০৫ সালে ছোট্ট আকারে গড়ে তুললেন ‘বাতিঘর’। মাত্র ১০০ বর্গফুটের দোকানটি, কম দামি কাঠের বইয়ের তাক। কিন্তু বিচিত্র বিষয়ের বইয়ের সংগ্রহের কারণে দ্রুত মনোযোগ কেড়ে নিল পাঠকদের। অল্প কিছুদিনের মধ্যে দীপংকরের ছোট্ট দোকানটিই নগরের সবচেয়ে বেশি পাঠকের গন্তব্য হয়ে উঠল। এর মধ্যে বিদেশ থেকে বই আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুললেন। ব্যবসা প্রসারের জন্য ব্যাংকঋণ নিলেন। জমজমাট হয়ে উঠল বাতিঘরের ব্যবসা। এই সাফল্যের পথ ধরেই দীপংকর এগিয়ে গেলেন বিশ্বমানের একটি গ্রন্থবিপণি গড়ে তোলার কাজে। সুবিধামতো জায়গাও পেয়ে গেলেন চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে। আর বন্দরনগরের সঙ্গে সামঞ্জস্য রেখে সজ্জার কাজটি করেছেন শিল্পী শাহীনুর রহমান। দুই হাজার বর্গফুটেরও বেশি জায়গার ওপর গড়ে ওঠা বাতিঘর এখন লেখক-পাঠক-সংস্কৃতিকর্মীদের মিলন ক্ষেত্র। ভবিষ্যতের স্বপ্ন কী? দীপংকর বললেন, ‘সারা দেশে একটি রিডার্স সোসাইটি গড়ে তুলব। দেশের সব বিভাগীয় শহরে একটি করে বিশ্বমানের বইয়ের দোকান খোলার স্বপ্নও দেখি আমি।’ সায়ীদ স্যার আলোকিত মানুষ গড়ার স্বপ্ন দেখিয়েছেন, তাঁর শিষ্যটিও সেই পথ ধরে আলোয় ভরিয়ে দিতে চান ভুবন।