দীপক দাশের একক সংগীত
‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’ কবিগুরুর এ গানে ফুটে ওঠে দেশের প্রতি গভীর ভলোবাসা। আর এ গান আমাদের প্রাণে জাগায় শিহরণ, মনকে করে আন্দোলিত। দেশের প্রতি শ্রদ্ধা রেখে শিল্পী দীপক কুমার দাশ রবি ঠাকুরের গানটি দিয়ে শুরু করেন সংগীতসন্ধ্যা ‘তুমি কোন কাননের ফুল।’ ১৫ মে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে কবির জন্মদিন উপলক্ষে দীপক কুমার দাশের একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজবিজ্ঞানী অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন সন্তোষ নন্দী। অনুপম সেন বলেন, ‘ঊনবিংশ শতাব্দীতে বাঙালির নবজাগরণ হয়। এসময় বাঙালি গরিব থাকলেও সংস্কৃতিতে ছিল প্রাচুর্য, যার সন্ধান বাঙালিকে দিয়েছিলেন কবিগুরু। তাঁর রেখে যাওয়া সম্পদের বিশালত্ব আমাদের বিস্মিত করে। তাঁর পদচারণায় আমাদের সাহিত্য আজ পরিপূর্ণ।’অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে দীপক কুমার দাশ গানের ঝাঁপি খুলে দেন দর্শকদের উদ্দেশে। ‘দাও গো সুরের দিশা’, ‘মোরা সুরের কাঙাল’, ‘চিনলে না আমারে’, ‘তুমি কোন কাননের ফুল’, ‘আমার এই পথ চাওয়াতে আনন্দ’সহ বেশ কিছু রবীন্দ্রসংগীত গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কংকন দাশ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুজিত ভট্টাচার্য।