দীপাবলির কাছে লড়াই করা শিখেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপি করিম: অভিনয়শিল্পী
অপি করিম: অভিনয়শিল্পী

আমার জীবনটা পাল্টে দিয়েছে এমন বইয়ের সংখ্যা অজস্র। বই পড়ার অভ্যাসটা গড়ে উঠেছে পারিবারিক ভাবেই। এখন যদি নিজের কাছে প্রশ্ন করি কোন বই দ্বারা প্রভাবিত হয়েছি, নানা রকম বইয়ের কথা মনে পড়ে। তবে একটি বইয়ের কথাই যদি বলতে হয়, অবশ্যই সেটি হবে সমরেশ মজুমদারের সাতকাহন।
বইটির প্রথম খণ্ড পড়েছিলাম মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে। পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়েছি আর দেখেছি এক নারীকে। সে আর কেউ নয়, উপন্যাসটির মূল চরিত্র দীপাবলি। একধরনের ঘোরের মধ্যে পড়ে ফেললাম প্রথম খণ্ড। এর মধ্যে ঘটল এক ঘটনা। এসএসসি পরীক্ষার আর কয়েক দিন মাত্র বাকি। এই সময় আমার জলবসন্ত হলো। মাত্রাটা এতই ভয়াবহ যে আমার চোখেও ছড়িয়ে পড়েছিল। অবস্থা এমন, মনে হলো আমি বোধ হয় আর পরীক্ষা দিতে পারব না।
তখন আমার বোন পপি আমাকে সাহস দিল। বলল সাতকাহন-এর ‘দীপাবলিকে দেখিসনি? এন্ট্রান্স পাসের আগেই তার জীবনে কত কী ঘটে গেল। তোর তো সামান্য জলবসন্ত।’ শুনে কেমন যেন আলোড়ন জাগল ভেতরে। তখন মনে হচ্ছিল আমি আর অপি নই, দীপাবলি হয়ে গেছি। এই একটি বই আমাকে জীবনের নানা দুর্যোগ-দুর্বিপাকে দারুণভাবে প্রভাবিত করেছে। দীপাবলি চরিত্রটাকে ভালো লাগে অনেকেরই। কিন্তু আমি ওর কাছে যুদ্ধ করে টিকে থাকার শিক্ষাটা পেয়েছি।
আরও তিনটি বইয়ের নাম না বললেই নয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি, শওকত আলীর প্রদোষেপ্রাকৃতজন আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রারতীরে। বই পড়লে তো আসলে মানুষ মনে মনে ছবি দেখে। এই বইগুলো আমি সিনেমার মতো দেখতে পাই!
অপি করিম: অভিনয়শিল্পী