দীর্ঘ ক্লাস আর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের জন্ম ১৯৭৬ সালের ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রে। শিক্ষামূলক অনলাইন ভিডিওর উদ্ভাবক হিসেবে সালমান বিশ্বব্যাপী জনপ্রিয়। শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য সম্প্রতি পেয়েছেন ‘হ্যারল্ড ডব্লিউ ম্যাকগ্র প্রাইজ ইন এডুকেশন।’ টাইম আইডিয়াস ম্যাগাজিনে তিনি এটি লেখেন এ বছরের ২ অক্টোবর।প্রতিদিন বিশ্বজুড়ে কোটি কোটি শিক্ষার্থী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যাচ্ছেন। সবাই বসে, ঝিমিয়ে গড়ে ৫০ থেকে ৯০ মিনিট ধরে চলা বিভিন্ন বিষয়ের লেকচার শুনছেন, কেউ কেউ খাতায় নোট করছেন, কিন্তু এ পর্যন্তই শেষ! একটি ক্লাসে ২০ থেকে ৩০০ জন পর্যন্ত শিক্ষার্থী উপস্থিত থাকেন; তাঁদের মধ্যে পাঠ্য বিষয়টি নিয়ে চিন্তাভাবনার আদান-প্রদান হয় না বললেই চলে। আত্মকেন্দ্রিক, প্রতিযোগিতামূলক এই শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে এমনভাবে চলে আসছে যে আমরা এর বদলে নতুন কিছু ভাবতেই পারি না। শতাব্দীর পর শতাব্দী ধরে এভাবে একতরফা পড়িয়ে যাওয়াকেই মনে করা হয়েছে শিক্ষাদানের সবচেয়ে ‘সুলভ’ পদ্ধতি। কিন্তু আজ আমরা জানি, এ ধরনের একমুখী ক্লাস লেকচারের সীমাবদ্ধতা কোথায় এবং তা শিক্ষার মূল উদ্দেশ্যকে কীভাবে বাধাগ্রস্ত করে।১৯৯৬ সালে ন্যাশনাল টিচিং অ্যান্ড লার্নিং ফোরাম নামের একটি জার্নালে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মিডেনডর্ফ ও অ্যালান ক্যালিশ উল্লেখ করেন, গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় পাঠদান মানুষের মনোযোগ দেওয়ার ও শেখা জিনিস ধরে রাখার ক্ষমতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। ১৯৭৬ সালে ক্লাসরুমে শিক্ষার্থীদের মনোযোগ দেওয়ার ধরনের ওপর চালানো এক গবেষণার সূত্র ধরে তাঁরা বলেন, প্রথম তিন থেকে পাঁচ মিনিট শিক্ষার্থীদের গুছিয়ে বসতে বসতেই চলে যায়। স্থিরভাবে বসার পর ১০ থেকে ১৮ মিনিট তাদের মনোযোগ ভালোভাবে বজায় থাকে। তারপর শিক্ষক যত ভালো আর পড়ার বিষয়টি যত মজারই হোক না কেন, শিক্ষার্থীদের মনোযোগ কমতে শুরু করে। সোজা কথায়, মন আর বসতে চায় না। এর পর থেকে ক্লাসের বাকি সময়টুকুতে ক্ষণিকের জন্য মনোযোগ ফিরে ফিরে এলেও তা হয় অনিয়মিত। হঠাৎ হঠাৎ তিন-চার মিনিটের জন্য আসে, আবার চলে যায়—এমনই দাঁড়ায় ব্যাপারটি। বলাই বাহুল্য, এই গবেষণা চালানো হয়েছিল মুঠোফোন, ফেসবুক আর টুইটারের আবির্ভাবের অনেক আগে। তাই এখনকার দিনে তরুণ শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার প্রবণতা যে আরও কমে এসেছে, তাতে সন্দেহের অবকাশ নেই।একটি ২০ মিনিটের প্রেজেন্টেশনের কতটুকু শিক্ষার্থীরা পরবর্তী সময়ে মনে রাখেন, তার ওপর একটি গবেষণা চালানো হয় ১৯৮৫ সালে। মনে হতে পারে, শেষের দিকে শোনা সারমর্ম বা সমাপ্তিসূচক গুরুত্বপূর্ণ তথ্যগুলোই হয়তো মাথায় থেকে যায় পাকাপাকিভাবে। কিন্তু গবেষণার ফলাফল আশ্চর্যজনকভাবে বিপরীতটাই জানায়। দেখা যায়, অধিকাংশ শিক্ষার্থীই শেষের চেয়ে একদম প্রথমে শোনা কথাগুলোই ভালোভাবে মনে করতে পারছেন। ১৫ মিনিটের পরে যা বলা হয়েছিল, তা নিয়ে পরে অধিকাংশেরই বিন্দুমাত্র স্মৃতি অবশিষ্ট ছিল না। এমন সব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও আমাদের শিক্ষাদান পদ্ধতি উল্টো দিকেই চলছে।ক্লাসে এসে ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দিয়ে যাওয়া উচিত কি না, তা নিয়ে বিতর্কের শেষ নেই। সে বিতর্ক এড়িয়ে গিয়ে মিডেনডর্ফ ও ক্যালিস সুপারিশ করেন, যেহেতু শিক্ষার্থীদের মনোযোগ একটানা ১০ থেকে ১৫ মিনিটের বেশি থাকে না, তাই লম্বা লেকচারের মাঝে ছোট ছোট কাজ বা ভিন্নধর্মী বিষয় নিয়ে কিছুটা সময় ব্যয় করা উচিত, যাতে তাঁদের মনোযোগের ঘড়ি আবার নতুন করে ১৫ মিনিট মন দেওয়ার জন্য তৈরি হতে পারে। এটা করতে কোনো বিপ্লব ঘটাতে হয় না, রোজকার রুটিনে খুবই সহজ আর ছোট্ট একটি পরিবর্তন।ইন্টারনেটের যুগে এখন একটি সম্পূর্ণ লেকচারকে ভেঙে দিব্যি ছোট ছোট ১৫ মিনিটের সেশন বানিয়ে ফেলা সম্ভব, যেগুলো কিনা শিক্ষার্থীরা বাসা থেকেই দেখে ক্লাসে আসতে পারেন। তা হলে ক্লাসের সময়টায় কী করা হবে? বিষয়টা হচ্ছে, শিক্ষার্থীরা তাঁদের যেসব তথ্য জানতে হবে, তা ক্লাসের আগেই দেখে এলে ক্লাসের স্বল্প সময়ের পুরোটাই শিক্ষকের সঙ্গে গঠনমূলক আলোচনায় ব্যবহার করা সম্ভব, যা এখন হয়ে ওঠে না। ঠিক এমনটিই এখন করা হচ্ছে বিজনেস স্কুলগুলোয়। এমবিএ ক্লাসের শিক্ষার্থীরা ক্লাসের অনেক আগেই নির্দিষ্ট একটি কেসস্টাডি ভালোভাবে পড়ে প্রস্তুতি নিয়ে ক্লাসে আসেন। তারপর শিক্ষক তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে কেসস্টাডিতে বর্ণিত সমস্যাগুলোর সবচেয়ে উপযুক্ত সমাধান খুঁজে বের করেন। বিজ্ঞান কিংবা প্রকৌশল-সম্পর্কিত পড়াশোনায় ক্লাসের সময়কে বিভিন্ন দুরূহ প্রশ্নের সমাধান বের করা অথবা চ্যালেঞ্জিং প্রজেক্ট করার জন্য দারুণভাবে কাজে লাগানো যেতে পারে। আসল বিষয়টি হচ্ছে, যখন একাধিক মানুষ শেখার জন্য একত্র হয়, তখন শেখার পদ্ধতিটি একতরফা না হয়ে পারস্পরিক ভাব ও চিন্তার আদান-প্রদানের মাধ্যমে হলে অনেক বেশি ফলপ্রসূ হয়।ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে একজন শিক্ষক অনর্গল কথা বলতে বলতে জগতের তথ্যভান্ডার শিক্ষার্থীদের সামনে উন্মুক্ত করে দেবেন, এমন ধারণা থেকে একটু বাইরে বেরিয়ে আসতে পারলেই আমাদের চিরাচরিত ক্লাসরুম বা স্কুলের চেহারা বদলে দেওয়া সম্ভব। এমনও হতে পারে, শিক্ষার্থীদের চাহিদা বুঝে একজন শিক্ষকের স্থানে একাধিক শিক্ষক ক্লাসে একই সঙ্গে কাজ করবেন, যাতে ভিন্ন ভিন্ন দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীরা তাঁদের প্রয়োজনীয় সহায়তা চাওয়ামাত্রই পেতে পারেন। হয়তো একটি ক্লাস শেষ করে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়ের ক্লাস শুরু করার তাড়া দিতে কোনো ঘণ্টাই বেজে উঠবে না। স্বপ্ন বা অবাস্তব—যা-ই মনে হোক না কেন, ক্লাসের মূল্যবান সময় থেকে একঘেয়ে লেকচার সরিয়ে ফেলতে পারলে আমাদের স্কুল আর ক্লাসরুমগুলো প্রকৃত অর্থেই শিক্ষার্থীদের উপযোগী হয়ে উঠবে।সূত্র: ওয়েবসাইটইংরেজি থেকে অনুবাদ: অঞ্জলি সরকার