দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস ছাড়ুন

আরামদায়ক সোফা বা চেয়ার আপনাকে খুব আকৃষ্ট করে? প্রতিদিন দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস আছে আপনার? তাহলে কিন্তু চেহারায় তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যেতে পারে। সুইডেনের একদল গবেষক বলছেন, বয়স ধরে রাখার কৌশল হিসেবে দাঁড়িয়ে থাকা বা হাঁটাচলা সবচেয়ে বেশি কার্যকর। কারণ, এতে কোষীয় উপাদান ক্রোমোজোমের আবরণ ‘টেলোমের’ শক্তিশালী হয়। ফলে আপনার অভ্যন্তরীণ জিন সংকেত বা ডিএনএ সুরক্ষিত থাকে। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিন এবং ব্রিটিশ মেডিকেল জার্নাল সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, একজন মানুষ যত কম সময় বসে কাটাবেন, তাঁর টেলোমের তত কম ক্ষয় হবে। এতে তাঁর দীর্ঘায়ু লাভের সম্ভাবনাও বৃদ্ধি পাবে।
স্টকহোমে অবস্থিত ক্যারোলিনস্কা বিশ্ববিদ্যালয় হাসপাতালের গবেষক অধ্যাপক মাই-লিস হেলেনিয়াস বলেন, স্বাস্থ্য রক্ষার জন্য শরীরচর্চা বা ব্যায়ামের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষের মনোযোগ ও সচেতনতা আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে তাঁদের একটানা বসে থাকার অভ্যাস বা প্রবণতাও বাড়ছে। এটি এ যুগের মানুষের স্বাস্থ্য সংকটের একটি গুরুত্বপূর্ণ কারণ। তাই ব্যায়ামের পাশাপাশি যাতে কম সময় বসে কাটানো হয়, সে ব্যাপারে গুরুত্ব দিতে হবে। এতে করে সুস্থ থাকার সম্ভাবনা বাড়বে। পাশাপাশি অকালে বুড়িয়ে যাওয়ার ঝুঁকি কমবে।
গবেষকেরা স্থূলতায় আক্রান্ত ষাটোর্ধ্ব ৪৯ ব্যক্তির রক্তের কোষের টেলোমের বিশ্লেষণ করেন। তাঁদের অর্ধেকে ছয় মাসের একটি শরীরচর্চা কর্মসূচিতে অংশ নেন। প্রত্যেকের শারীরিক পরিশ্রম তৎপরতা প্রতিদিন পরিমাপ করা হয়। সূত্র: টেলিগ্রাফ।