দীর্ঘদিন ধরে সংস্কার নেই, চলাচলে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খানাখন্দে ভরা সড়কে চলাচলে দুর্ভোগের শেষ নেই l প্রথম আলো
খানাখন্দে ভরা সড়কে চলাচলে দুর্ভোগের শেষ নেই l প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদর থেকে পশ্চিমে মাত্র ১০ মিনিট গেলেই বোয়ালগাঁও গ্রাম। কিন্তু দেড় কিলোমিটার দীর্ঘ ইট বিছানো একটি সড়কের কারণে এই গ্রাম যেন বাতির নিচে অন্ধকার হয়েই আছে। গত কয়েক দশক ভাঙা সড়কটি সংস্কার হয়নি। ফলে উন্নয়নের ছোঁয়াও লাগেনি বোয়ালগাঁও গ্রামে।
আনোয়ারা উপজেলা সদরের আধা কিলোমিটার পশ্চিমের এ সড়ক দিয়ে বোয়ালগাঁও ছাড়াও পাশের ধানপুরা ও শোলকাটা গ্রামের লোকজনও চলাচল করেন। ইট বিছানো এই সড়কের হাল চষা খেতের চেহারা নিয়েছে বর্তমানে। এখন কোনো যানবাহন চলাচল করে না সড়কটি দিয়ে। বোয়ালগাঁও গ্রামের ছয় হাজারের বেশি বাসিন্দার নিত্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কটি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ইট উঠে গিয়ে সড়কটির স্থানে স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। শুষ্ক মৌসুমে ওই সড়ক দিয়ে হাঁটা সম্ভব হলেও বর্ষায় যাতায়াত কঠিন হয়ে পড়ে। গ্রামের বাসিন্দারা জানান, যানবাহন এমনকি রিকশাও না চলাচল করায় কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে।
ওই সড়ক দিয়ে যাতায়াত করে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদেরই একজন সিংহরা রামকানাই উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী প্রিয়া গুহ। সে বলে, প্রতিদিন হেঁটে ওই সড়ক দিয়ে যাতায়াতের সময় পায়ে চোট লাগে। বর্ষায় খুব সাবধানে চলাফেরা না করলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এই সড়ক দিয়ে হাঁটাও কষ্টকর। তাই এটি দ্রুত সংস্কার করা উচিত।
এ ব্যাপারে স্থানীয় শিক্ষক প্রিয়তোষ গুহ বলেন, উপজেলা সদরের গ্রামটির প্রধান সড়কের অবস্থা দেখলে মনে হবে যেন প্রদীপের নিচে অন্ধকার। এমনটি হওয়া আসলে দুঃখজনক। এ সড়ক দিয়ে ধানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ বিভিন্ন এলাকার জনসাধারণ চলাচল করেন। প্রশাসনকে তাদের ভোগান্তি দূর করার দিকে নজর দিতে হবে।
স্থানীয় বাসিন্দা ও আনোয়ারা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুশীল ধর বলেন, এ সড়ক দিয়ে গ্রামবাসী উপজেলা সদরে যাতায়াত করেন। বর্তমানে সড়কটির করুণ দশার কারণে সবাই খুব কষ্ট পাচ্ছে। এটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
এ ব্যাপারে আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ বলেন, কয়েক দিনের মধ্যে বোয়ালগাঁও সড়কের পিচঢালাই হবে। এ জন্য দরপত্রও আহ্বান করা হবে। শিগগিরই কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।