দীর্ঘদিন সংস্কার হয়নি, ভাঙা রাস্তায় চলাচলে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিচ ঢালাই উঠে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যোগীরহাট-কাটিরহাট সড়ক l প্রথম আলো
পিচ ঢালাই উঠে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যোগীরহাট-কাটিরহাট সড়ক l প্রথম আলো

দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না ফটিকছড়ির সমিতির হাটের যোগীরহাট-কাটিরহাট সড়ক। ফলে সড়কের বিভিন্ন স্থানে পিচ ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় লোকজন।
সরেজমিনে দেখা গেছে, বেশির ভাগ স্থানে সড়কের চিহ্নই নেই। সমানে উড়ছে ধুলাবালু। দুই পাশের গাছপালা ধুলার আস্তরণে বিবর্ণ হয়ে পড়েছে। সিএনজিচালিত অটোরিকশা কিংবা অন্য কোনো যানবাহন গেলে ধুলা থেকে বাঁচতে পথচারীদের নাকে কাপড় গুঁজে থাকতে হয়।
সমিতির হাট ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১০ সালে ১৪ কিলোমিটারের সড়কটি পিচ ঢালাই করে। ওই সময় স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসী ফটিকছড়ির তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিম্নমানের কাজের অভিযোগ তোলেন। কিন্তু এলজিইডি তা আমলে নেয়নি।
সমিতির হাট ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই সমিতির হাট বাজার থেকে যোগীরহাট পর্যন্ত সড়কের তিন কিলোমিটার অংশে দুই পাশ ভাঙতে শুরু করে। ক্রমাগতভাবে বাড়তে থাকে ভাঙন। এরপর আর সংস্কার না হওয়ায় বর্তমানে সড়ক বেহাল হয়ে পড়েছে।
সমিতির হাট গ্রামের বাসিন্দা মোহাম্মদ হারুন বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। যখন গাড়িতে উঠি, তখনই দোয়া-দরুদ পড়তে শুরু করি। তিন কিলোমিটার পথ যেতে ছয় কিলোমিটারের সময় নষ্ট হয়।’
এলাকার পল্লিচিকিৎসক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, কোনো রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময় ভাঙাচোরা সড়কের কারণে অসুস্থতা আরও বেড়ে যায়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের যাতায়াতে ঝুঁকি বেশি।
স্থানীয় লোকজন জানান, এই সড়ক দিয়ে উপজেলার নানুপুর, আজাদী বাজার, ধর্মপুর, বক্তপুর, জাফতনগর, দৌলতপুর, নাজিরহাট বাজার এবং হাটহাজারী উপজেলার কাটিরহাট, মীর্জাপুর, এনায়েতপুর, নুরালী মিয়ারহাটসহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ দুই উপজেলা সদরে সহজে যাতায়াত করে। সংযোগ সড়ক হিসেবেও এটি ব্যবহৃত হয়। ফটিকছড়ি উপজেলার দক্ষিণাঞ্চলের লোকজনের জন্য সড়কটি চট্টগ্রাম নগরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম। এ ছাড়া এলাকায় উৎপাদিত শাকসবজি নিতে হয় এই সড়কের ওপর দিয়ে।
স্থানীয় কৃষক আবু ছৈয়দ জানান, সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকার উৎপাদিত শাকসবজি ও কৃষিপণ্য বিভিন্ন বাজারে নিতে গিয়ে ব্যয় বেড়ে যায়। ফলে তাদের প্রায় সময় লোকসান গুনতে হচ্ছে।
এ প্রসঙ্গে সদ্য বিদায়ী এলজিইডির উপজেলা প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস বলেন, সড়কটি মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে মেরামত কাজ শুরু হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তহিদুল আলম বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকার লোকজন ভোগান্তিতে পড়েছেন। অগ্রাধিকার ভিত্তিতে সড়কটির সমস্যা সমাধান করা হবে।