খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারে আধুনিক বহুমুখী বাজার ছাউনি নির্মিত হওয়ায় বাজারের ক্ষুদ্র ও ভাসমান বিক্রেতারা এখন থেকে বসার জন্য নির্দিষ্ট জায়গা পাবেন। এই বহুমুখী ছাউনিতে স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকায় ক্রেতাদের দুর্ভোগও কমবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও বাজার পরিচালনা কমিটির উদ্যোগে নির্মিত এই ছাউনির উদ্বোধন হবে আগামী এক মাসের মধ্যে। বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিবছর ১০ থেকে ১৫ লাখ টাকায় বোয়ালখালী নতুন বাজার ইজারা দেওয়া হলেও এতদিন কোনো উন্নয়ন হয়নি। বাজারে ভাসমান ব্যবসায়ীদের জন্য ছাউনি ছিল না। খোলামেলাভাবে মাছ, মাংস বিক্রি হয় এখানে। বাজারে আগত ক্রেতাদের জন্য কোনো শৌচাগারও ছিল না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা জানান, ২০১২-১৩ অর্থ বছরে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২৪ লাখ নয় হাজার ৯৯৯ টাকা ব্যয়ে বোয়ালখালী নতুন বাজার বহুমুখী ছাউনি নির্মাণ করা হয়। আগামী এক মাসের মধ্যে বাজার কমিটিকে ছাউনিটি বুঝিয়ে দেওয়া হবে। ছাউনিতে রয়েছে ১২ মিটার দীর্ঘ ও ছয় মিটার প্রশস্ত মাছের ছাউনি, আট মিটার দীর্ঘ ও পাঁচ মিটার প্রস্থের মাংসের ছাউনি এবং ১২ মিটার দীর্ঘ ও ছয় মিটার প্রশস্ত সবজির ছাউনি। এ ছাড়া গণ শৌচাগার এবং পানি সরে যাওয়ার জন্য নালাও নির্মিত হয়েছে এই ছাউনিতে।
বাজারে মালামাল বিক্রি করতে আসা শুকপ্রভা চাকমা ও সুবিনয় চাকমা বলেন, ছাউনি নির্মিত হওয়ায় তাঁরা স্থায়ীভাবে বসার জায়গা পাবেন। ক্রেতাদের দুর্ভোগ কমবে।
বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম বলেন, বৃহত্তম এ পাইকারি বাজারের বড় সমস্যা ছিল বাজার ছাউনির অভাব। ফলে ক্রেতা, বিক্রেতা সবাই ভোগান্তি পোহাত। এখানে ছাউনিতে নারী ব্যবসায়ীদের জন্যও আলাদা স্থান রাখা হয়েছে। উপজেলা প্রকৌশলী প্রশান্ত হালদার বলেন, ছাউনির কাজ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে বাজার পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করা হবে।