দুঃখ দূর করল দোলইন্যাছড়া সেতু
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাহাড়ি ঝরনা দোলাইন্যাছড়ায় সারা বছর পানির প্রবাহ থাকে। ছড়ার তীরে অবস্থিত পাঁচটি পাড়ার বাসিন্দাদের চলাচল করতে হতো এই ঝরনার পানি ডিঙিয়ে। বর্ষায় দুকূল ছাপিয়ে যাওয়া পানির প্রবাহ অতিক্রম করে ছড়া পার হওয়া ছিল রীতিমতো বিপজ্জনক। দোলাইন্যাছড়ার তীরে অবস্থিত পাঁচটি পাড়ার বাসিন্দাদের এই দুর্ভোগ দূর হয়েছে। ছড়ার ওপর সেতু নির্মিত হওয়ায় বিচ্ছিন্নতা ঘুচেছে এই এলাকার আড়াই শ আদিবাসী পরিবারের সদস্যদের।
পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭০ ফুট দীর্ঘ ও ছয় ফুট প্রশস্ত এই সেতুর কাজ শুরু হয় ২০১২ সালের ১৩ মে। ৩ জানুয়ারি সেতু উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংশুচাইন চৌধুরী। সেতুটি নির্মিত হওয়ায় কাপ্তাই-ঘাগড়া সড়কের সঙ্গে দ্যোলইন্যাছড়ার তীরে অবস্থিত দোলইন্যাপাড়া, নুনছড়িপাড়া, হেডম্যানপাড়া, নুনছড়ি ও মইনপাড়ার সংযোগ স্থাপিত হয়েছে।
ওয়াগ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আপাই মারমা বলেন, বর্ষায় ছড়ায় বেশি পানি থাকার কারণে শিশুরা বিদ্যালয়ে যাতায়াত করতে পারত না। এ কারণে ওই এলাকার বাসিন্দারা ছড়ার ওপর একটি কালভার্ট বা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। সেতু হওয়ায় মানুষের দুর্ভোগ দূর হবে বলেও তিনি মন্তব্য করেন।
ওয়াগ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য লাচিং মারমা বলেন, এই ছড়ার কারণে বিভিন্ন এলাকায় যাতায়াতে অনেক কষ্ট হতো। প্যান্ট পরে এবং জুতা পায়ে ছড়া পার হওয়া যেত না। তিনি আরও বলেন, পাড়ায় আম, কাঁঠাল, পেঁপে, বরই, আখ, জাম্বুরা, পেয়ারাসহ বিভিন্ন মৌসুমী ফল উৎপাদিত হয়। এ ছাড়া বিভিন্ন প্রকারের শাকসবজিরও ফলন ভালো হয়। এত দিন এসব উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করা যেত না। এখন সেতু হওয়ায় এসব পণ্য বাজারে নেওয়াসহ শিশুদের বিদ্যালয় যাতায়াত সহজ হবে।
গত ২৬ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, সেতু দিয়ে চলাচল করছে এলাকার বাসিন্দারা। সেতুর সংযোগ সড়কের কাজও শেষ হয়েছে। চলছে সেতুর অপর পাশে চার কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ। এ প্রসঙ্গে কাপ্তাই উপজেলার প্রকৌশলী আবদুর রহিম বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সেতুটি নির্মিত হয়। এতে ৩০ লাখ টাকা ব্যয় হয়। সেতুটি নির্মিত হওয়ায় এই এলাকার বাসিন্দাদের যাতায়াত সহজ হয়েছে।