অনিঃশেষ দুঃখেও বেঁচে থাকার প্রেরণা জোগায় কবিতা। দুঃশাসন, নিপীড়ন, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠকে সোচ্চার হওয়ার উদ্দীপনা দেয়। মানুষ তাই কবিতা পড়ে, কবিতা ভালোবাসে। চিরন্তন এই ভালোবাসার আরেকবার বহিঃপ্রকাশ ঘটল গ্রন্থবিপণি বাতিঘরের ‘কবি ও কবিতা’ শীর্ষক আয়োজনে। শুক্রবার সকালে দুঃখের ফেরিওয়ালা হিসেবে পরিচিত কবি হেলাল হাফিজ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই আসরে।দর্শকে ঠাসা জমজমাট এই কবিতার আসর চলে প্রায় আড়াই ঘণ্টা। বিরতিহীন এই অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ ছাড়াও নিজের জীবন ও কাব্য সম্পর্কে অকপটে অনেক কথা বললেন হেলাল হাফিজ। এই অনুষ্ঠানে আমন্ত্রিত কবিদের মধ্যে আরও ছিলেন স্বপন দত্ত, বিশ্বজিৎ চৌধুরী, সেলিনা শেলী, জিললুর রহমান, রহমান হেনরী ও আসমা বীথি।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোফাখখারুল ইসলাম। এরপর কবিতা পাঠ করেন স্বপন দত্ত। সত্তর দশকের এই কবি পাঠ করলেন একাত্তরের মুক্তি সংগ্রাম ও গণ-আন্দোলনের পটভূমিতে লেখা তাঁর কয়েকটি বিখ্যাত কবিতা। এর পরই কবিতা নিয়ে আসেন সেলিনা শেলী। তাঁর কবিতায় বরাবরের মতোই ছিল দ্রোহের উচ্চারণ। তবে কবিতায় প্রেমের উষ্ণতা ছড়াতেও তিনি ভোলেননি। কবি জিললুর রহমানের ‘কেন’ নামের সাম্প্রদায়িকতাবিরোধী কবিতাটি মন ছুঁয়ে যায় দর্শকের। সম্প্রতি রাঙামাটিতে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের আঘাতে দৃষ্টিশক্তি হারানো চিকিৎসক সুশোভন দেওয়ানকে নিয়ে লেখা এই কবিতার পটভূমি জানান তিনি পাঠককে।বিশ্বজিৎ চৌধুরী প্রতিটি কবিতার আগে কবিতা রচনার পটভূমি ব্যাখ্যা করেছেন। তাঁর কবিতার প্রধান বিষয় ছিল প্রেম। কয়েকটি লাইন ছিল এমন, ‘পাখি যে বেসুরো গায়, সে সুরই কান্না, সে সুর অনেকে বোঝে, সকলে বোঝে না। কবি ও প্রেমিক বোঝে সুরের বেদনা।’রহমান হেনরী পড়ে শোনান ‘আমাদের ধানখেতের ইতিহাস’। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার বেদনা টের পাওয়া গেল তাঁর কবিতায়। কয়েকটি লাইন ছিল এমন: ‘আউশ ধানের খেতে/ এত এত ফিঙে মরে পড়ে আছে/ আমার আর স্কুলে যাওয়া হলো না কুসুম/ ধারাপাত আর মুখস্ত হলো না।’অনুষ্ঠানের সবচেয়ে তরুণ কবি আসমা বীথির কবিতায় এই বসন্তের চলমান দ্রোহের বিবরণ পাওয়া গেল। তাঁর কবিতায় প্রতিবাদ শাণিত হয় শিল্পের সুষমায়। দর্শকের মনোযোগের কেন্দ্রটির নাম হেলাল হাফিজ। তাই কবিতা পাঠের আগে নিজের জীবন ও কবিতা নিয়ে অল্পবিস্তর বলতে হলো তাঁকে। দুঃখের এই কবি দুঃখ সম্পর্কে বলেন, ‘দুঃখ আমাদের জীবনের অন্যতম অনুষঙ্গ। এর আঘাতে কাতর হতে নেই। বরং দুঃখকে উপভোগ করতে শিখতে হবে। তবে তাকে জয় করা যাবে।’উপস্থিত শ্রোতাদের অনুরোধে হেলাল হাফিজ পড়ে শোনালেন প্রায় এক ডজন কবিতা। বিখ্যাত কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ পাঠের মধ্য দিয়ে শেষ হয় তাঁর কবিতা পাঠ। সরস উপস্থাপনায় আগাগোড়া অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে রাখেন কবি ওমর কায়সার।