
পঞ্চাশোর্ধ্ব শামসুল ইসলাম। বাড়ি মাদমবিবির হাট। পেশায় রিকশাচালক। শ্বাসকষ্টে ভুগছিলেন কয়েক দিন ধরে। ফলে আয়-রোজগারও বন্ধ। টাকা খরচ করে যে সদরে গিয়ে চিকিৎসা নেবেন সেই সামর্থ্য নেই। শেষে এক প্রতিবেশী সন্ধান দিলেন মুক্তিযোদ্ধা মেমোরিয়াল হাসপাতালের। ছুটে এলেন এখানে। মাত্র ৬০ টাকায় চিকিৎসা নিয়ে ফিরলেন বাড়ি।
কুমিরার জুরামতল থেকে এসেছেন রোকসানা পারভীন (৩২)। পরনে বিবর্ণ বোরকা। চেহারায় পরিশ্রমের ছাপ স্পষ্ট। জ্বর আর কাশির সমস্যা তাঁর। গ্রামের ওষুধের দোকানি ওষুধ দিয়েছেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শেষে ‘বড় ডাক্তার’ দেখাতে এসেছেন হাসপাতালে। চিকিৎসা শেষে ফেরার পথে তাঁর মুখে হাসি। বললেন, ‘ডাক্তারের কথায় আমার রোগ অর্ধেক ভালো হয়ে গেছে।’ শামসুল ও পারভীনের মতো সীতাকুণ্ডের ভাটিয়ারি, সোনাইছড়ি ও সলিমপুর ইউনিয়নের হাজারো মানুষের ভরসাস্থল এখন এই হাসপাতালটি।
গোড়ার কথা: সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়ন। পাশেই সব জাহাজভাঙার ইয়ার্ড। জাহাজ কাটতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে। কিন্তু আহত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আশপাশে কোনো হাসপাতাল নেই। এখান থেকে শহরের দূরত্ব ১৪ কিলোমিটার, আর সীতাকুণ্ড সদর হাসপাতাল ২০ কিলোমিটার দূরে। বেশির ভাগ আহত শ্রমিক হাসপাতালে নেওয়ার পথেই প্রাণ হারান।
এ তো গেল জাহাজভাঙা শ্রমিকদের কথা। গ্রামের মানুষগুলো যাবে কোথায়? তাদের একই অবস্থা। কারও ভরসা কবিরাজ। খুব বেশি হলে ওষুধের দোকানি। ফলে ভুল চিকিৎসায় স্বাস্থ্যহানি হচ্ছে অনেকের। এই ব্যাপারটি পীড়া দিত ভাটিয়ারি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা টি এম ইসলামকে। বিষয়টি নিয়ে তিনি কথা বললেন তাঁর শুভাকাঙ্ক্ষী হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক রেজাউল করিমের সঙ্গে। তিনি সায় দিলেন। কিন্তু হাসপাতাল গড়া সে তো অনেক টাকার ব্যাপার। এবার দুজন মিলে নামলেন অর্থের সংস্থানে। অবশ্য এ জন্য খুব বেগ পেতে হয়নি। তাঁদের উদ্যোগের কথা শুনে এগিয়ে এলেন রহিম শিল্পগোষ্ঠীর পরিচালক মোহাম্মদ ইসরাইল। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের আট শতক জমি দিলেন, ভবনও গড়ে দিলেন। যাত্রা শুরু হলো হাসপাতালের। সময়টা ১৯৯৮ সাল। বর্তমানে হাসপাতাল চলছে পাঁচ সদস্যের পরিচালনা পরিষদের মাধ্যমে। এতে সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক টি এম ইসমাইল।

হাসপাতালে একদিন: শহর থেকে আধঘণ্টার মধ্যেই ভাটিয়ারি বিজয় স্মরণী কলেজ। কলেজের পাশেই হাসপাতাল। নারকেলগাছঘেরা দোতলা ভবন। নারী-পুরুষের ভিড়ে গিজগিজ করছে নিচতলা। কেউ টিকিট কিনতে ব্যস্ত। কেউ বারান্দায় বসে অপেক্ষায় আছেন ভেতর থেকে চিকিৎসকের ডাকের। আর অনেকে ওষুধ ও ব্যবস্থাপত্র নিয়ে বাড়ির পথ ধরছেন। চিকিৎসক-কর্মচারীদের যেন দম ফেলার ফুরসত নেই। হাসপাতালের এই চিত্র প্রতিদিনের।
হাসপাতালের চিকিৎসক সুদর্শন বড়ুয়া জানান, এখানে সেবা নিতে আসা বেশির ভাগ মানুষই অসহায়। এই হাসপাতালটি না থাকলে মানুষগুলো চিকিৎসাসেবার বাইরে থেকে যেত। তা ছাড়া জাহাজভাঙা ইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এখানে। প্রতিদিন গড়ে সেবা দেওয়া হয় দেড় শ রোগীকে। তিনি ছাড়াও রয়েছেন আরও দুজন চিকিৎসক।
স্বপ্ন বহুদূর: হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল করিম বলেন, ‘বর্তমানে হাসপাতালে শুধু বহির্বিভাগ চালু আছে। আমাদের স্বপ্ন ১০০ শয্যার অন্তর্বিভাগ চালু করে এটিকে পূর্ণাঙ্গ একটি হাসপাতালে রূপ দেওয়া। সেখানে থাকবে শিশু, গাইনি, সার্জারি, চক্ষু, হৃদ্রোগসহ আলাদা সব বিভাগ। এ জন্য আরও জমি দরকার। অবকাঠামোগত পরিবর্তনও আনতে হবে। ইতিমধ্যে আমরা সেই পক্রিয়া শুরু করেছি। মোহাম্মদ ইসরাইল হাসপাতালটি পূর্ণাঙ্গ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তা ছাড়া হাসপাতালে এখন বিকেল পাঁটটা পর্যন্ত সেবা দেওয়া হয়, সেটা রাত ১০টা পর্যন্ত করার চিন্তা আছে।’