দুঃসময় পার করছে প্রেক্ষাগৃহগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেক্ষাগৃহের চারপাশ লোকে লোকারণ্য। চলছে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, ডিসি, ডিসি হাঁকডাক করে টিকিট বিক্রি। কিছুক্ষণ পরই ঝুলিয়ে দেওয়া হলো ‘হাউস ফুল’ লেখা বোর্ডটি। এটি বর্তমানের নয়, আজ থেকে প্রায় ২২ বছর আগের নগরের প্রেক্ষাগৃহগুলোর সামনের চিত্র। বর্তমানে সারা দেশের মতো চট্টগ্রামের প্রেক্ষাগৃহগুলোরও বড় সংকটের সময়। খোঁজ নিয়ে জানা যায়, এক সময় এই নগরে প্রায় ৩৬টি সিনেমা হল ছিল। লায়ন, সিনেমা প্যালেস, রঙ্গম, উজালা, খুরশিদ মহল, আলমাস, দিনার, জলসা, গুলজার, নূপুর, মেলোডি, উপহার, রিদম, বনানী, সানাই, সাগরিকা, ঝুমুর, অলংকার, আকাশ, পরাগ, সংগীত, নুরজাহান, পূরবী, চাঁদনী, রূপালী, সিনেমা কর্ণফুলী, বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন চারটি, বিমানবাহিনীর নিয়ন্ত্রণাধীন দুটি ও সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন চারটি সিনেমা হল। এসব হলে প্রযোজকেরা ছবি মুক্তি দিয়েই ফলাফল জানার জন্য চট্টগ্রামের দিকে তাকিয়ে থাকতেন। এখানকার ফলাফল দেখেই পরের সপ্তাহে ছবির দাম বাড়বে কি না তাও নির্ধারিত হতো। কিন্তু বর্তমানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এসব প্রেক্ষাগৃহের কোনো জনপ্রিয়তা নেই। বেশির ভাগ বিলুপ্ত। কোনোমতে টিকে আছে সিনেমা প্যালেস, আলমাস, দিনার, ঝুমুর, পূরবী, বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন দুটি ও সেনাবাহিনী-নিয়ন্ত্রিত তিনটি সিনেমা হল।নব্বইয়ের দশক থেকে অশ্লীল চলচ্চিত্রের প্রদর্শনীর কারণে সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণী হলবিমুখ হয়ে পড়ে।চলচ্চিত্র উন্নয়নকেন্দ্রের প্রধান শৈবাল দে জানালেন, সিনেমা হলে দর্শক যায় না বলে হল কর্তৃপক্ষও আজকাল হলের রক্ষণাবেক্ষণ করে না। পরিবেশটাও নষ্ট হয়ে গেছে। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সিনেমা দেখার মেজাজ থাকে না। সে জন্যই সিনেমা হলে গিয়ে ছবি দেখা ছেড়েই দিয়েছেন অনেকে।এ ছাড়া আকাশ সংস্কৃতির আগ্রাসনও দর্শককে হলবিমুখ করার কারণ বলে মনে করেন অনেকে। ‘মানুষ ঘরে বসেই টেলিভিশনের মাধ্যমে সব দেশের সিনেমা দেখার সুযোগ পাচ্ছে। ফলে অর্থ ব্যয় করে তারা সিনেমা হলে যেতে চাইছে না।’ বললেন ব্যবসায়ী সালাউদ্দিন মাহমুদ।সিনেমা প্যালেস হলের সামনের চিত্র দেখে মনে হবে যেন কোনো বাজারে এসে পড়েছেন। গত শনিবার সরেজমিনে দেখা যায়, সিনেমা প্যালেসের বাইরে সারি সারি রিকশা। পাশেই টং দোকানে চা তৈরিতে ব্যস্ত দোকানি। ভেতরে ঢুকতেই দেখা গেল তিনটি টিকিটের বুথ। কিন্তু কোন বুথে কোন শ্রেণীর টিকিট পাওয়া যাবে কিংবা টিকিটের মূল্য কত, কোথাও লেখা নেই। কয়েকজন দর্শক অভিযোগ করলেন, ‘সিনেমা প্যালেসের আশপাশে প্রকাশ্যে মাদক বিক্রি হয়। ভাসমান যৌনকর্মীরা ডাকেন দর্শকদের। পাশেই নেশার ঘোরে পড়ে থাকে মাদকাসক্ত লোকজন।নগরের আলমাস সিনেমা হলের সামনের এলাকাটা সন্ধ্যার পর হতে ছিনতাইকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়। সন্ধ্যার শোতেই দর্শকদের ঝুঁকির মধ্যে থাকতে হয়। প্রতিদিন সন্ধ্যার পর আলমাস সিনেমা হলের সামনে শুরু হয় ভাসমান যৌনকর্মীদের আনাগোনা। হলে আসা দর্শক তো বটেই, পথচারীদেরও পড়তে হয় বিব্রতকর অবস্থায়। প্রচণ্ড গরমের মধ্যে ঘেমে নেয়ে সিনেমা দেখতে হয়। পুরোনো আমলের পর্দা, অকার্যকর সাউন্ড সিস্টেম, বসার অনুপযোগী আসন নিয়েই চলছে হলগুলো। তাই কোনো ভালো সিনেমা দেখার ইচ্ছা থাকা সত্ত্বেও হলে আসছে না দর্শক। মালিকেরা সিনেমা হলের পরিবেশ বিপন্ন হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘যদি ভালো ছবি হয়, তবে দর্শক আসবে, আর দর্শক এলে স্বাভাবিকভাবে সিনেমা হলের পরিবেশ ঠিক হয়ে যাবে।’ তাঁরা সিনেমা হল টিকিয়ে রাখতে যুগের সঙ্গে তাল মিলিয়ে সিনেপ্লেক্স বানাতে সরকারের অনুদান আশা করেন।চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ‘বর্তমানে প্রচুর ডিজিটাল ছবি তৈরি হচ্ছে, তাই হলগুলোকেও ডিজিটাল করতে হবে।’নাট্যশিল্পী সাহিদ এমরান বলেন, ‘একমাত্র সরকারি পৃষ্ঠপোষকতায় চলচ্চিত্রশিল্পের এই দুর্যোগ কাটতে পারে। এর জন্য ঐক্যবদ্ধ হতে হবে হলমালিক, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকদের। আর তাতে সিনেমা হলগুলোও ফিরে পাবে তার পুরোনো ঐতিহ্য।’