দুঃসময়ে বন্ধুর হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হার্টের সমস্যা নিয়ে ছয় বছর বয়সী সাদেকাকে (ছবিতে নেই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় গত ২২ ডিসেম্বর। তার বাড়ি নাইক্ষ্যংছড়ির বাঁইশরীতে। বাবা কৃষক। চিকিৎসা করানোর সামর্থ্য নেই। হাসপাতাল থেকে বিনা মূল্যের ওষুধ দেওয়া হয়। এর বাইরেও বেশ কিছু ওষুধ লাগে। প্রতিদিন এসব ওষুধ দেওয়া হয় রোগী কল্যাণ সমিতি থেকে। সাদেকার মা মনজি আরা বেগমের হাতে ওষুধ তুলে দিচ্ছেন সমিতির এক কর্মী। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
হার্টের সমস্যা নিয়ে ছয় বছর বয়সী সাদেকাকে (ছবিতে নেই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় গত ২২ ডিসেম্বর। তার বাড়ি নাইক্ষ্যংছড়ির বাঁইশরীতে। বাবা কৃষক। চিকিৎসা করানোর সামর্থ্য নেই। হাসপাতাল থেকে বিনা মূল্যের ওষুধ দেওয়া হয়। এর বাইরেও বেশ কিছু ওষুধ লাগে। প্রতিদিন এসব ওষুধ দেওয়া হয় রোগী কল্যাণ সমিতি থেকে। সাদেকার মা মনজি আরা বেগমের হাতে ওষুধ তুলে দিচ্ছেন সমিতির এক কর্মী। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

নগরের টাইগারপাস এলাকার বাসিন্দা মো. ওসমান গণি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনের চাকুরে। ওসমান গণির তিন কন্যাসন্তান। তিনজনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। প্রতি মাসে রক্ত নিতে হয়। সঙ্গে নিয়মিত ওষুধপত্র তো রয়েছেই। ২০০৭ সাল থেকে দরিদ্র ওসমান গণির পাশে দাঁড়িয়েছে রোগী কল্যাণ সমিতি। এই সমিতি প্রতি মাসেই তাঁর মেয়েদের প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে দিচ্ছে। এমনকি দুবছর ধরে ওসমান গণি নিজেও সমিতির কাছ থেকে হৃদ্রোগের ওষুধ পাচ্ছেন।
গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দ্বিতীয় তলায় রোগী কল্যাণ সমিতির কার্যালয়ে কথা হয় ওসমান গণির সঙ্গে। কৃতজ্ঞ ওসমান গণি বলেন, ‘আমার তিন মেয়ের বয়স এখন ২০, ১৮ ও ১৬। জন্মের পরই তাদের থ্যালাসেমিয়া ধরা পড়ে। নিজের সহায়–সম্বল সর্বস্ব দিয়ে মেয়েদের চিকিৎসা করেছি। একসময় নিঃস্ব হয়ে যাই। তখন পরিচিত একজন খোঁজ দেন রোগী কল্যাণ সমিতির। নয় বছর ধরে সমিতি আমাদের ওষুধের জোগান দিয়ে যাচ্ছে।’
শুধু ওসমান গণি নন, এ রকম হাজারো গরিব ও অসহায় রোগী ও তাঁদের স্বজনদের পাশে আছে রোগী কল্যাণ সমিতি। ১৯৬২ সালের ১৩ ডিসেম্বর নিবন্ধন হয় সমিতির। সমাজসেবা অধিদপ্তরের অধীনে নিবন্ধিত এই সমিতি একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। বর্তমানে সমিতির আজীবন সদস্যসংখ্যা ৯৭২। সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক অনুদানে সমিতির কার্যক্রম চলছে।
রোগী কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, শুরু থেকে গত ডিসেম্বর পর্যন্ত মোট ২ লাখ ৬৯ হাজার ২৬৬ জন রোগীকে সেবা দিয়েছে সমিতি। এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে সহায়তা পেয়েছেন ২২ হাজার ৮১৭ জন রোগী। গত বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সেবা পেয়েছেন ৪ হাজার ৭৯৯ জন। ২০১৫-১৬ অর্থবছরে সেবা পেয়েছেন অজ্ঞাতনামা ১৮ জন রোগী। সেবা পেয়েছে পরিত্যক্ত আটটি শিশুও।
সাধারণত হাসপাতালে ভর্তি হওয়া গরিব রোগীরা চিকিৎসকের সুপারিশ নিয়ে রোগী কল্যাণ সমিতি থেকে সহায়তা পেয়ে থাকেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও যেসব ওষুধ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে থাকে না, সেগুলো রোগীকে সরবরাহ করে সমিতি। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়া পাওয়ার পরও অনেক রোগী প্রয়োজনীয় ওষুধপত্র পাচ্ছেন সমিতির কাছ থেকে। এমনকি ক্যানসারের ব্যয়বহুল ওষুধ অ্যালবোটিন, হৃদ্রোগীদের জীবন রক্ষাকারী ইনজেকশনও সরবরাহ করা হচ্ছে।
গত ৩ ডিসেম্বর ফুসফুসে পানি জমে যাওয়ায় অসুস্থ পৌনে দুই বছর বয়সী কন্যাসন্তানকে চমেক হাসপাতালে ভর্তি করান বোয়ালখালীর বাসিন্দা রুবি আক্তার। স্বামী কালুরঘাট এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক। সন্তানকে হাসপাতালে ভর্তি করানোর প্রায় ১৫ দিন পর অর্থকষ্টে ভুগতে শুরু করেন তিনি। তখন শিশু ওয়ার্ডের চিকিৎসকের শরণাপন্ন হলে রুবিকে সমিতির কাছে পাঠান চিকিৎসক। রুবি প্রথম আলোকে বলেন, মেয়ে অনেকটা সুস্থ হওয়ার পথে। সমিতির সাহায্য না পেলে হয়তো বাড়িতে ফিরে যেতে হতো।
তবে সমিতি যে সব সময় একজন রোগীর চাহিদা অনুযায়ী ওষুধ বা চিকিৎসা সহায়তা দিতে পারছে তা নয়। সীমিত তহবিলের কারণে রেশনিং করেই রোগীদের সহায়তা করা হচ্ছে। এ বিষয়ে রোগী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের সভাপতি ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আমি যেখানেই যাই, সবাইকে বলি, কেউ যদি কোথাও অর্থসাহায্য দিতে চান, তাহলে হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে দিন। কারণ গরিব, দুস্থ রোগীদেরও চিকিৎসা সহায়তা পাওয়ার অধিকার আছে। অর্থসংকটের কারণে আমরা অনেক সময় রোগীদের পুরো টাকা দিতে পারি না। সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন তাহলে এই গরিব মানুষগুলো আরও উপকৃত হবেন।
প্রয়োজনীয় ওষুধপত্র, পরীক্ষা–নিরীক্ষায় সহায়তা করা ছাড়াও রোগীদের খাবার, পোশাক, যাতায়াত ভাড়া, হুইলচেয়ার, ক্রাচ ইত্যাদিও সরবরাহ করে থাকে এই সমিতি। এ কে খান, পিএইচপি, বনফুল, শফি মোটরসের মতো বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানও নিয়মিত এই সমিতিকে অর্থসহায়তা দিয়ে যাচ্ছে।
হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে অবদান রাখার জন্য ২০১৬ সালের শ্রেষ্ঠ হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা। এ প্রসঙ্গে অভিজিৎ সাহা বলেন, কাজের স্বীকৃতি পেলে উৎসাহ ও দায়িত্ব দুটোই বাড়ে। রোগী কল্যাণ সমিতি সব সময়ই দুস্থ রোগীদের পাশে আছে। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান থাকবে, তাঁরাও যাতে সমিতির পাশে থাকেন।