দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তির খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামিনা সুলতানা (ছদ্মনাম) ও রেজাউল হাসান (ছদ্মনাম) উচ্চ শিক্ষিত। দুজনেই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী। পড়াশোনা শেষ করে রেজাউল হাসান ব্যবসা শুরু করেন। প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান তিনি। কিন্তু প্রতিষ্ঠিত হননি সংসারজীবনে। সামিনাকে বিয়ে করেন বছর পাঁচেক আগে। শুরুতে সংসারটা ভালোই চলছিল। হঠাৎ করে রেজাউলের মধ্যে পরিবর্তন আসে। তাঁর স্ত্রী যেন কোনো মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ না করেন। অবরুদ্ধ ঘরেই যেন বসবাস করেন সামিনা—এমনটি চেয়েছিলেন রেজাউল। সামিনাও স্বামীর মন রক্ষার জন্য পর্দা মেনে চলতেন। এত কিছুর পরও রেজাউলের অদ্ভুত স্বভাব যায়নি। বাড়তে থাকে মানসিক নির্যাতন। একপর্যায়ে দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তির পথ খোঁজেন সামিনা। সিদ্ধান্ত নেন সংসার ভেঙে দেওয়ার। চট্টগ্রাম মহানগর হাকিম ও সিটি করপোরেশনের সালিসি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমান তাঁদের বিচ্ছেদ ঘটান। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো: সামিনা সুলতানার (ছদ্মনাম) কাছে সালিসি পরিষদের প্রশ্ন, ‘এই সংসার কী কোনোভাবেই টিকিয়ে রাখা যায় না?’ জবাবে সামিনা সুলতানা বলেন, ‘স্যার, প্রায় পাঁচ বছরের বিবাহিত জীবনে আমি অনেক সহ্য করেছি। আমি আর পারছি না।’ সামিনার কথা টেনে রেজাউল হাসান (ছদ্মনাম) বলেন, ‘স্যার, এমন কিছু হয়নি যে সংসার ভেঙে দিতে হবে।’ সামিনা জবাবে বলেন, ‘স্যার, ওকে বাইরে থেকে যতটা ভদ্র মনে হয়, আসলে সে ততটা নয়।’ সামিনা বলতে থাকেন, ‘স্যার, আমি এমনিতেই পর্দা করি। কিন্তু ও তাতে সন্তুষ্ট নয়। সে চায় আমি আরও বেশি রক্ষণশীলভাবে চলাফেরা করি। এগুলো আসলে বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। আমি আর সহ্য করতে পারছি না। স্যার, দয়া করে আমার তালাক কার্যকর করা হোক।’সামিনার কথা শুনে রেজাউল বলেন, ‘স্যার, এগুলো নিয়ে আর ভুল বোঝাবুঝি হবে না। আমি কথা দিচ্ছি।’ সামিনা রেজাউলের কথার পরিপ্রেক্ষিতে কিছুটা তটস্থ ভঙ্গিতে বলেন, ‘ওকে বাইরে থেকে বোঝা যায় না। ওপরে ভদ্র হলেও ও আসলে হিংস্র প্রকৃতির। ঘুমানোর সময় ছুরি রাখে সঙ্গে। এক বিচিত্র স্বভাবের মানুষ সে। স্যার, আমি মুক্তি চাই দুঃসহ যন্ত্রণা থেকে।’সামিনার পাল্টা জবাবে কিছুটা নীরব থাকেন রেজাউল। দীর্ঘ একটি নিঃশ্বাস নিয়ে বলেন, ‘স্যার, এগুলো ঠিক নয়।’ তবে রেজাউলের কণ্ঠে জোরালো কোনো আপত্তি টের পাওয়া যায়নি। সামিনা এ সময় বলেন, ‘স্যার, সবই ঠিক। কোনো কিছু মিথ্যা নয়। ওর সঙ্গে সংসার করতে হলে আমি আর বাঁচব না। এ কথা শোনার সঙ্গে সঙ্গে উভয়পক্ষের আগত শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনদের চেহারায় কেমন যেন দুঃখের ছায়া নেমে আসে। আসলে মনুষ্য হূদয় এক বিচিত্র। কখন যে কার প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে....কখন যে বিতৃষ্ণায় ভরে ওঠে—তা বলা মুশকিল। আবার কখন যে ভালোবাসায় ভরপুর হয়ে ওঠে তা-ও বোঝা যায় না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেন সে কথাই বলছেন। ‘বন্ধু, হূদয় এমনি অবুঝ কারো সে অধীন নয়,/ যারে চায় শুধু তারেই চায়-নাহি মানে লাজ ভয়।’ নথি পর্যালোচনায় মনে হয়েছে বিধিবদ্ধ নব্বই দিন পার হয়েছে। কাজেই সালিসি পরিষদের রীতি অনুসারে মুসলিম পারিবারিক আইনে তালাক আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো।