দুঃসহ যন্ত্রণার দুই বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা কথা বলে ব্যাংকার আরিফুর রহমান (ছদ্মনাম) বিয়ে করেন নাজিয়া আফরিনকে (ছদ্মনাম)। সুখের সংসার করার স্বপ্ন দেখেছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাজিয়া; কিন্তু দুই বছরের দাম্পত্য জীবনে সুখের সংজ্ঞার সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাননি তিনি। দেখেছেন স্বামীর বিকৃত রুচি ও হীনম্মন্যতা। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে আরিফুরকে তালাক দিতে বাধ্য হন তিনি। সিটি করপোরেশনের সালিসি পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান তালাক কার্যকর করেন। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো।প্রথম পক্ষ নাজিয়া আফরিন সালিসি পরিষদকে বলেন, ‘স্যার, ও (আরিফুর রহমান) আমার ব্যাপারে বিভিন্ন জায়গায় আজেবাজে কথা বলেছে। আমার চরিত্র নিয়ে নানা রকম কুরুচিপূর্ণ কথা বলেছে। দাম্পত্য জীবনেও বিভিন্ন রকম কুরুচিপূর্ণ ও অশ্লীল কাজ করত সে। সে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে আমাকে বিয়ে করে। আসলে সে অবিবাহিত ছিল না, আমার সঙ্গে প্রতারণা করছে। বিয়ে নিয়ে বিভিন্ন রকম ছলচাতুরির আশ্রয় নিয়েছে। ওর মধ্যে মানসিক বিকৃতিও আছে, যা সবই আমি তালাক নোটিশে উল্লেখ করেছি।’দ্বিতীয় পক্ষ হাজির না থাকায় নাজিয়ার স্বামী আরিফের বক্তব্য জানা যায়নি। নথি পর্যালোচনা করা হলো। প্রথম পক্ষ বলেছে, ‘...অত্যন্ত ন্যক্কারজনক হইলেও সত্য যে, পার্শ্বের ব্যক্তি (আরিফ) আমাকে বিয়ে করার পর সুনির্দিষ্টিভাবে কোথাও কোনো স্থায়ীভাবে বাসা ভাড়া নেয়নি। কখনো বড় ভাইয়ের বাসায়, কখনো আবার বোনের কিংবা বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় কিংবা কখনো চট্টগ্রামে রেখেছিল। কখনো ঢাকায় বিভিন্ন হোটেলে রেখে যাযাবরের মতো দুই বছর কাটিয়ে দেয়।...বিভিন্ন হোটেলে সে আমার আপত্তিকর ছবি তুলে রাখে।’ আদেশে বলা হয়, তালাকের চিঠি পর্যালোচনায় মনে হয়েছে, কত বৈচিত্র্যময় হতে পারে মানুষের জীবন। কত রকম দুঃখ-কষ্ট যে থাকতে পারে মানুষের জীবনে! বিজাতীয় সংস্কৃতি এবং প্রযুক্তিগত উৎকর্ষতা আমাদের দেশের মানুষের স্বভাব-চরিত্র খুব দ্রুত পাল্টে দিচ্ছে। মানুষের জীবনে জ্ঞাতভাবে কিংবা অজ্ঞাতসারে ঢুকে পড়ছে নানা রকম বিকৃতি। প্রযুক্তিগত উৎকর্ষতা কিংবা বৈজ্ঞানিক আবিষ্কারের সঙ্গে সুনির্দিষ্ট মাত্রায় নৈতিক চর্চা না থাকলে প্রযুক্তি এবং বিজ্ঞানের অপব্যবহার হবেই। এমন কি স্বামী-স্ত্রীর মধ্যে মধুময় সম্পর্কও প্রযুক্তি বা বিজ্ঞানের নেতিবাচক প্রভাবের আওতায় পড়ে যে কারওর জীবন দুর্বিষহ হয়ে উঠছে।নাজিয়ার বক্তব্য আপাতত তাই যেন চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে। সালিসি পরিষদ মনে করে, নৈতিক মানদণ্ড ঠিক রাখা না গেলে সমাজের প্রযুক্তিগত সঠিক অভিযোজন সম্ভব নয়। নীতি এবং মূল্যবোধ ধরে রাখা না গেলে তথাকথিত চোখ ধাঁধানো উন্নয়ন থেকে দূরে থাকা উচিত। কারণ আলোকোজ্জ্বল (?) আধুনিকতা প্রায় কুৎসিত রূপে ধরা দিচ্ছে আমাদের সামনে। কবি ফজল শাহাবুদ্দীনের কবিতাও যেন সেই কথা বলছে।‘কেন না এই বিংশ শতাব্দীর সুতীব্র আলোকে/ আমরা আজ বিভ্রান্ত দিশেহারা/ এক নির্দয় আলোর আঘাতে আমরা আজ মগ্ন/ আমাদের প্রতি অণু পরমানণুতে এই নগ্নতার/ বৈদেহী চীৎকার।/...হে আমার অস্তিত্ব তাই আমাদের আজ অন্ধকার দাও/ আরও অন্ধকার/ অন্ধকারের প্রাচীন গভীর পুঞ্জপুঞ্জ নগ্নতায় নিক্ষেপ করো আমাদের।’নথি পর্যালোচনায় মনে হয়েছে, বিধিবদ্ধ সময় ৯০ দিন পার হয়েছে। এই সময়ের মধ্যে সালিসি পরিষদ দুই পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা করে। সেই চেষ্টা ব্যর্থ হলে বিধিবদ্ধ সময় পার হওয়ার পর তালাক কার্যকর হয়। এই তালাক কার্যক্রমে দুই পক্ষের মধ্যে আপোষ মীমাংসার কোনো উৎসাহব্যঞ্জক চেষ্টা পরিলক্ষিত হয়নি। সার্বিক বিবেচনায়-সালিসি পরিষদের রীতি অনুসারে আনুষ্ঠানিকভাবে তালাক কার্যকর করা হলো।