দুঃসাহসী নারীদের গল্প

ইসাবেলা বার্ডছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুঃসাহসী অভিযাত্রীদের প্রসঙ্গ উঠলেই চলে আসে ক্রিস্টোফার কলম্বাস, ভাস্কো–দা–গামা, লরেন্স অব অ্যারাবিয়ার নাম। পুরুষ অভিযাত্রীদের তুলনায় নারীদের নাম খুব কমই উচ্চারিত হয়। হয়তো মনে করা হয়, নারী শুধুই চার দেয়ালে বন্দী থাকার মানুষ। অথচ ইতিহাসের পাতায় এমন অনেক নারী আছেন, যাঁদের দুঃসাহসী অভিযাত্রার কথা শুনলে তাজ্জব বনে যেতে হয়। জেনে নেওয়া যাক দুঃসাহসী দুজন নারীর কথা।

ইসাবেলা বার্ড

১৮৩১ সালে ইসাবেলার জন্ম। তিনি জন্মেছিলেন এমন এক সময়ে, যখন ইউরোপে নারীদের বাস করতে হতো পুরুষদের তৈরি জগতে। ছিল সামাজিক নানা বিধিনিষেধ। তবে ইসাবেলা সেসব প্রতিবন্ধকতা পায়ে মাড়িয়ে এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যা পরবর্তী কয়েক প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি ছিলেন একজন অভিযাত্রী, লেখক ও আলোকচিত্রী। ৪১ বছর বয়সে তিনি বিশ্বভ্রমণে বের হয়েছিলেন। বিশ্ব চষে বেড়ানোর শখ থেকে অবসর নিয়েছিলেন ৭২ বছর বয়সে। শেষ ভ্রমণে তিনি মরক্কো ঘুরে দেশে ফিরেছিলেন।

৪১ থেকে ৭২—এই ৩১ বছরে তিনি ঘুরেছিলেন আমেরিকা, ভারত, কুর্দিস্তান, পারস্য উপসাগরীয় এলাকা, ইরান, তিব্বত, মালয়েশিয়া, কোরিয়া, জাপান ও চীনের মতো দেশগুলো। পর্বতারোহণ করতেন তিনি। এ কাজে বেশ দক্ষও ছিলেন। ওই সময় তো আর এত প্লেন-ট্রেন ছিল না। তাই দেশের পর দেশ চষে বেড়ানোও কষ্টের ছিল। অভিযাত্রী হিসেবে হাতি বা ঘোড়ার পিঠে চড়ে মাইলের পর মাইল চলতে হয়েছিল ইসাবেলাকে। নিজের ভ্রমণ নিয়ে বেশ কয়েকটি বই লিখেছিলেন তিনি। ১৮৯২ সালে প্রথম নারী হিসেবে লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সম্মানিত সদস্য নির্বাচিত হন ইসাবেলা।

জোয়ান ব্যারেট
ছবি: সংগৃহীত

জোয়ান ব্যারেট

ফরাসি এই নাবিক জন্ম নেন ১৭৪০ সালে। তিনি একজন উদ্ভিদবিদ ছিলেন। প্রথম নারী হিসেবে নৌপথে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন জোয়ান। মজার বিষয় হলো একজন পুরুষ সেজে এই বিশ্বভ্রমণ করতে হয়েছিল তাঁকে। কারণ, ওই সময় জাহাজের নাবিক হিসেবে নারীদের মেনে নেওয়ার চল ছিল না। উল্টো ফরাসি নৌবাহিনীতে নারীদের পদচারণই নিষিদ্ধ ছিল। তবে রক্ষণশীল এসব নিয়ম ভেঙে দিয়েছিলেন জোয়ান ব্যারেট। পুরুষ সেজে পৃথিবী প্রদক্ষিণের অভিযানে তিনি অংশ নিয়েছিলেন। তাঁর সঙ্গে ওই অভিযানে সঙ্গী হিসেবে ছিল প্রায় ৩০০ জন পুরুষ। অবশ্য একসময় এই ছদ্মবেশ অন্যরা ধরে ফেলেছিল। তবে তাতে জোয়ানের বিশ্বভ্রমণ থেমে যায়নি। বিশ্বময় ঘুরে উদ্ভিদের নতুন নতুন প্রজাতি তিনি ফ্রান্সে নিয়ে এসেছিলেন। ফ্রান্সে ফেরার পর সরকারিভাবেই জোয়ান ব্যারেটের প্রতি সম্মান জানানো হয়েছিল। দেওয়া হয়েছিল বার্ষিক পেনশনও।