দুঃস্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা। চ্যানেলগুলো ওই একই খবর প্রচার করছে ছবিসহ। বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছে এলাকার মানুষ। হঠাৎ দেখলাম, আমার বড় ভাইকে ছেলেমেয়েদের নিয়ে ছোটাছুটি করতে। এ এফ রহমান হল থেকে ছুটে গেলাম আলাওল হলে। টিভির পর্দায় চোখ রাখতেই দেখলাম, বড় ভাইকে সাঁতার কাটতে, কাকে যেন উদ্ধার করার জন্য। আর দেখতে পারলাম না, বিকট চিৎকার করে কান্না করলাম। ঘুম ভেঙে গেল। সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। যাক! তবে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। উহ্! কী শান্তি লাগল বিষয়টি সত্য নয় জেনে। তার পরও ফোন দিলাম মাকে। শুনলাম, সবাই ভালো আছেন। এক গ্লাস পানি খেয়ে আবার শুয়ে পড়লাম। বাবা হাসপাতালের বিছানায় শোয়া। নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। বাবা অ্যাজমার রোগী। কতবার বলেছি চিকিৎসককে দেখাতে, জমিটুকু না হয় বিক্রি করে দাও। বাবার একই কথা, সারা জীবন কষ্ট করেছি তো তোদের সুখের জন্য। তাই বাবার কষ্ট করে কেনা জমিটুকু নিজের কষ্ট লাঘবের জন্য নয় বলে তাঁর মত। বড় ভাই, বড় আপার অসুখ হলে কিছু জমি বিক্রি করেছেন, বাকিটুকু নাকি আমার চাকরির জন্য লাগতে পারে। কতবার বলেছি, আমার চাকরির জন্য কোনো চিন্তা কোরো না। আর দুই বছর পরই তো মাস্টার্স শেষ হবে; তখন একটা চাকরি জুটিয়ে নিতে পারব। আমার আত্মবিশ্বাসী কথা তাঁর বিশ্বাসে বদ্ধমূল হতে পারে না।সারা জীবন কষ্ট করেছেন তিনি। নিজের কষ্টের কথা কাউকে বলেননি। বড় ভাই যে একটু দেখবেন, তাঁর হার্ট তো সব সময় অ্যাবনরমাল। পেসমেকার লাগাতে আর খুলতে তাঁকে প্রায় সময় অপারেশন থিয়েটারে কাটাতে হয়। ভোরবেলা বাবার শ্বাসকষ্টটা বেড়ে গেছে। মা সারাক্ষণ পাশে বসা। মেজ ভাই, বড় আপা বাবার পাশে। বড় ভাই ঢাকায় এসেছেন বড় চিকিৎসকের কাছে। কিন্তু বাবা আর কারও জন্য অপেক্ষা করতে রাজি নন। বারবার আমার কথা বলেছেন। ভাইয়ের ছেলেমেয়েদের কথা বলেছেন। তারপর সারা জীবন যে নিঃশ্বাস নিতে কষ্ট করেছেন, তাকে ত্যাগ করলেন। আমি অ্যাসাইনমেন্ট লিখে শুয়েছি অনেক রাতে। বড় ভাই সকালে ফোন দিলেন, বাবা আর নেই। ছুটলাম বাস কাউন্টারে। সকালে চট্টগ্রাম-সাতক্ষীরার কোনো গাড়ি নেই। তাই ঢাকা থেকে গাড়ি পাল্টাতে হলো, পৌঁছাতে পরের দিন। উঠলাম ঢাকার গাড়িতে। গাড়ি চলতে শুরু করল। কিছুক্ষণ পর চাচার ফোন, ‘বাপ, মুর্দা বেশিক্ষণ রাখলে কষ্ট পায়; তাই আমরা আজই মাটি দিতে চাচ্ছি। তুই কী বলিস?’ আমি কী বলব। সারা জীবন যে বাবা কষ্ট করেছেন, মৃত্যুর পর আর কষ্ট দিতে চাই না। বললাম, ‘দাও’। বাবাকে আর দেখতে পাব না, হঠাৎ ঘুম ভাঙল আমার। না, এটা কোনো দুঃস্বপ্ন নয়, প্রতি রাতে আমি বাবাকে নিয়ে ভাবি। যদি এ ভাবনাগুলো, শুধু এই একটি ঘটনা—বাবার মৃত্যুর খবরটা যদি সত্যি না হয়ে দুঃস্বপ্ন হতো, তাহলে সকালে ঘুম থেকে জেগে বাবাকে ফোন করে বলতাম, বাবা, তোমার শ্বাসকষ্ট কি একটু কমেছে?এম সাহেদ রাজনীতিবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।