দুঃস্বপ্নের যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভদ্রলোক ১৯৮২ সালে পশ্চিম জার্মানি থেকে নিউইয়র্কে এসেছেন। তাঁর নামটা গোপন থাকল। কারণ, নাম প্রকাশে তাঁর প্রচণ্ড আপত্তি। চলুন, নিউইয়র্কে অভিবাসী হওয়ার গল্পটি তাঁর মুখ থেকেই শোনা যাক।১৯৭৯ সালের সেপ্টেম্বর মাসে রাত আনুমানিক ১০টার দিকে আমরা ১৩ জনের একটা দল পূর্ব বার্লিনে পৌঁছাই। সেখানে পৌঁছেই আমরা ছয়জন ও সাতজন করে দুটি দলে ভাগ হয়ে পড়ি এবং সাবওয়ে দিয়ে পশ্চিম জার্মানির দিকে যেতে থাকি। হঠাৎ কয়েকজন পাকিস্তানি হন্তদন্ত হয়ে আমাদের ট্রেনে উঠে বলল, ‘আপনারা সামনে আর এগোবেন না। পুলিশ সবাইকে ধরছে।’ এ কথা শুনে আমরা তখন ভয়ে কাঠ হয়ে গেলাম। আমরা সাবওয়ে থেকে নেমে পড়লাম। পাকিস্তানিরাও আমাদের সঙ্গেই নামল। নেমেই দেখি একটা পার্কের মতো জায়গা। পরে বুঝেছিলাম, ওটা ছিল কবরস্থান। পাকিস্তানিরা এই কবরস্থানে ভোর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে বলল এবং আরও বলল, আমাদের সঙ্গে থাকা ব্যাগ আর স্যুটকেসগুলো যেন তাদের দিয়ে দিই। কারণ, তারা সেগুলো তাদের হেফাজতে রেখে দেবে এবং ভোরবেলা আমাদের নিতে আসবে। বলাই বাহুল্য, সেদিন আমরা পাকিস্তানিদের এমন বোকার মতো বিশ্বাস করে সর্বস্ব হারিয়েছিলাম। কারণ, তারা আর ভোরবেলা আমাদের নিতে আসেনি। আমরা সারা রাত এই কবরস্থানেই কাটালাম। যখন ভোর হলো, তখন আমাদের দলনেতা একজন উকিলের ঠিকানা দিয়ে বললেন, তাঁর সঙ্গে যেন আমরা দেখা করি। তিনিই সব ব্যবস্থা করে দেবেন। দলনেতার কথা অনুযায়ী আমরা ট্যাক্সিতে চড়ে উকিলের ঠিকানায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করতেই তিনি আমাদের হাসিমুখে অভ্যর্থনা জানালেন। সেখানে আমরা সবাই নির্ধারিত ফরমে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করি। সাময়িক অনুমোদনপত্র পাওয়ার পর সেখান থেকে আমাদের পাঠানো হয় সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে। আমাদের হোটেলে থাকা-খাওয়া ফ্রি করে দেওয়া হয় এবং প্রতিদিন হাতখরচের জন্য কিছু বাড়তি মার্কও আমরা পেতে থাকি। নিয়ম অনুযায়ী, ৯০ দিনের মধ্যে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ফলাফল জানিয়ে দেওয়া হতো। যা-ই হোক, আমার রাজনৈতিক আশ্রয় নাকচ হয়ে গেল এবং আমি জার্মানি ছাড়ার নানা ফাঁকফোকর খুঁজতে শুরু করলাম। এমন সময় জানা গেল, জার্মানি থেকে আমেরিকায় যাওয়ার একটা রাস্তা আবিষ্কৃত হয়েছে। তখন জার্মানি থেকে বাহামা যেতে ভিসার প্রয়োজন হতো না। জার্মানি থেকে বাহামা আর বাহামা থেকে দালালের হাত ধরে মায়ামি। এক হাজার ২০০ ডলারে দালালের মাধ্যমে রফাদফা হলো। তারা আমাদের বাহামা থেকে মায়ামি নিয়ে যাওয়ার ভার নিল। আমাদের আগে থেকেই বলে দেওয়া হলো, বাহামা এয়ারপোর্টে নেমেই যেন আমরা কালো পোশাক পরা ও লাঠি হাতে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির খোঁজ করি। কারণ, সে আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা যথারীতি বাহামায় পৌঁছেই সেই কালো পোশাক পরা আর লাঠি হাতে দাঁড়ানো মানুষটাকে খুঁজতে শুরু করলাম এবং পেয়েও গেলাম। সে আমাদের ট্যাক্সিতে করে একটা হোটেলে নিয়ে গেল এবং পরদিন আমরা সি-প্লেনে চড়ে বাহামার একটি দ্বীপে পৌঁছালাম। সেখানে আমাদের ফানি নামের এক মহিলার (যিনি এই ব্যবসার মূল হোতা) বাড়িতে নিয়ে যাওয়া হলো। ফানি একে একে আমাদের সবারই সাক্ষাৎকার নিলেন। একদিন দিন-তারিখ ঠিক হলো, আমরা একটা মাছ ধরার ইঞ্জিনচালিত ট্রলারে করে মায়ামিতে যাব। স্পষ্ট মনে আছে, সেদিন ছিল ১৭ নভেম্বর। আকাশে বড় একটা চাঁদ। এই সুন্দর জ্যোৎস্নাখচিত আকাশ সাক্ষী রেখে আমরা আটজন গাদাগাদি করে বোটের পাটাতনের নিচে ঢুকলাম। মনে হচ্ছিল, নিজেকে যেন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। বোট চালু করার কিছুক্ষণ পরই এর ইঞ্জিন বিকল হয়ে গেল। এদিকে মেক্সিকো উপসাগরে এর উত্তাল ঢেউয়ে আমাদের বোটটা যেন ডিঙি নৌকার মতো দুলতে লাগল। আমার সঙ্গে থাকা অনেকেই বমি আর প্রস্রাব করে বোটের পাটাতনের নিচে এক বিচ্ছিরি অবস্থা। আবার বোটটা স্টার্ট নিল। জানা গেল, আমরা মায়ামির কাছাকাছি চলে এসেছি। এদিকে আকাশে হেলিকপ্টারে পুলিশের সার্চলাইট। সুযোগ বুঝে আমাদের বোটটা ঝোপঝাড় আছে এমন একটা জায়গায় ত্বরিত ভিড়ল। আমরা একে একে সবাই বোট থেকে হামাগুড়ি দিয়ে কোনো রকমে পাড়ে উঠলাম। এভাবে কতক্ষণ ছিলাম, মনে নেই। হঠাৎ টের পেলাম, সকাল হয়ে গেছে, আর আমরা একটা পার্কের মধ্যে ঘুমাচ্ছি। সকালে উঠে আমি আর আমার এক বন্ধু মায়ামির রাস্তায় সাধারণ মানুষের মতো হাঁটতে শুরু করলাম। এমন সময় দেখি, একটা ভ্যানগাড়ি থেকে রাফায়েল নামের এক কিউবান আমাদের দেখে বলছে, ‘ফানি, ফানি?’ মানে, আমরা ফানির লোক কি না। আমরা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ-বোধক ইশারা করতেই সে আমাদের দুজনকেই গাড়িতে তুলে নিল এবং আমাদের তথ্য অনুযায়ী বাকি সঙ্গীদের পার্ক থেকে উদ্ধার করল। রাফায়েল আমাদের একটা হোটেলে উঠিয়ে বিশ্রাম করতে বলে চলে গেল। পরদিন রাফায়েলের মাধ্যমে আবারও মায়ামি থেকে নিউইয়র্কের একটি টিকিট কিনে লাগুয়ার্ডিয়া এয়ারপোর্টে এসে পৌঁছাই। এয়ারপোর্ট থেকে চলে আসি ৩০-৫৮ স্টাইনওয়ে স্ট্রিটে, এস্টোরিয়ার একটি বাড়িতে। শুরু হয় আরেক জীবন। আমেরিকার জীবন, নিউইয়র্কের জীবন। শুরু হয় এখানকার জব দিয়ে জীবনের আরেক আয়োজন। এভাবেই হারিয়ে যায় প্রবাস নামের জীবনের ৩০টি বছর। ধীরে ধীরে পা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করি এবং দাঁড়াই অন্য সবার মতোই। কিন্তু আমার সেই হারিয়ে যাওয়া ৩০টি বসন্ত কেউ কি কখনো এনে দিতে পারবে?আদনান সৈয়দ, [email protected]