দুই ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালার স্থগিত দুই ইউনিয়নের নির্বাচন ৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দীঘিনালা ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চন্দ্র রঞ্জন চাকমা ও বাবুছড়া ইউনিয়নে সুগত প্রিয় চাকমা নির্বাচিত হয়েছেন। এ দুটি ইউনিয়নে গড়ে ভোট আদায় হয়েছে ৮৪ শতাংশ।বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাঘাইছড়িমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সুজিত বরণ বড়ুয়া জানান, এক হাজার ৫৪৪ ভোটের মধ্যে দুপুর আড়াইটার মধ্যে এক হাজার ২৫০ ভোট সংগ্রহ হয়ে যায়। বাবুছড়ামুখ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার জানান, এ কেন্দ্র এক হাজার ৪৮৩ ভোটের মধ্যে দুপুর দুইটার মধ্যে এক হাজার ২০০ ভোট সংগ্রহ হয়েছে। দুর্গম জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দিতে আসা ধনমুনি চাকমা (৭৫) বলেন, ‘১০ বছর পর আমাদের ইউনিয়নে ভোট হচ্ছে। বৈসাবি উৎসবের আগে ভোট হওয়ায় মনে হচ্ছে আরেকটি উৎসব হচ্ছে। নির্বাচনে কোনো পক্ষই প্রভাব খাটায়নি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।’ রিটার্নিং কর্মকর্তা বিশ্বজিত চাকমা বলেন, কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও ছিল প্রচুর। গড়ে ৮৪ শতাংশ ভোট আদায় হয়েছে।