দুই ইউনিয়নে সহিংসতার আশঙ্কা প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালীতে প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শ্রীপুর-খরণদ্বীপ ও আহলা-করলডেঙ্গা ইউনিয়ন। দুই ইউনিয়নের ১৯টি কেন্দ্রের মধ্যে ১১টিই ঝুঁকিপূর্ণ। প্রার্থীদের দাবি, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ফলে নির্বাচনের দিন সহিংসতার আশঙ্কা করছেন তাঁরা।জানা যায়, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির একাংশের (সাকা-সমর্থিত) সভাপতি আজিজুল হক ও তাঁর স্ত্রী খুরশিদা বেগম, ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি (মোর্শেদ খান-সমর্থিত) মো. আবদুল্লাহ, আওয়ামী লীগ ঘরানার সাবেক চেয়ারম্যান মো. মোকারম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, জেলা যুবলীগ নেতা নুরুল হুদা, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কুতুব উদ্দিন ও নুরুল করিম। প্রার্থী মো. আবদুল্লাহ অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রতিপক্ষ প্রার্থী আমার কর্মী-সমর্থকদের নানা ভয়ভীতি দেখাচ্ছেন।’ তিনি এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের দাবি জানান। বর্তমান চেয়ারম্যান আজিজুল হক সরকারি দলের এক প্রার্থীর বিরুদ্ধে ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘১৯৯৬-এর নির্বাচনে মসজিদ বাড়ি কেন্দ্রে যুবদলের নেতা নাছেরকে গুলি করে হত্যা করা হয়। সেই সন্ত্রাসীরা এবার নির্বাচনে প্রার্থী হয়েছে। ভোটারদের কেন্দ্রে না আসার হুমকি-ধমকি দিচ্ছে।’ আওয়ামী লীগ ঘরানার প্রার্থী মো. মোকারম বলেন, ‘পাঁচটি কেন্দ্রে সংখ্যালঘু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী কেন্দ্রে গোলযোগ সৃষ্টির আশঙ্কা করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবি জানান। যুবলীগের নেতা ইসমাইল হোসেনও চারটি কেন্দ্রে গোলযোগের আশঙ্কা করেছেন। এদিকে আহলা-করলডেঙ্গা ইউনিয়নেও সহিংসতার আশঙ্কা করছেন প্রার্থীরা। গত বছরের ৮ নভেম্বর ঢাকায় নিখোঁজ হন এই ইউনিয়নের দুবারের নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম ওরফে বাচা চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে থানায় ১৮টি মামলা ছিল বলে পুলিশ জানায়। তাঁর পরিবারের অভিযোগ, এলাকায় নির্বাচনসংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে নজরুল ইসলামকে অপহরণ করা হয়েছে। এ অভিযোগে ২০১০ সালের ১৪ নভেম্বর ঢাকার জয়দেবপুর থানায় মামলা (নম্বর ৬৬) দায়ের করেছেন নজরুল ইসলামের ছোট ভাই হামিদুল হক। এতে সন্দেহভাজন পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। ওই ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই মামলার আসামি মনছুর আহমদ ও দিদারুল ইসলাম চৌধুরী। দুজনই সাবেক চেয়ারম্যান। এ ছাড়া প্রার্থী হয়েছেন নজরুল ইসলামের স্ত্রী শামীম আরা সিদ্দিকা ও ভাই হামিদুল হক, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল ওয়াদুদ, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু হেনা মো. মোস্তাফা কামাল, সৈয়দ হোসেন তালুকদার, মো. শফিউল আজম, মো. নাজিম উদ্দিন, মো. আলমগীর, মাসুদ করিম ও রেজাউল করিম। চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুল হক অভিযোগ করেন, সরকারি দল-সমর্থিত প্রার্থীরা রাজনৈতিক প্রভাব বিস্তার করে প্রচারে বাধা দিয়ে কর্মী-সমর্থক ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। প্রার্থী আবদুল ওয়াদুদ প্রকাশ্যে অস্ত্রের মহড়া চলছে দাবি করে বলেন, ‘নির্বাচনে সহিংসতার আশঙ্কা শতভাগ।’ সাবেক চেয়ারম্যান মনছুর আহমদও সন্ত্রাস-সহিংসতার আশঙ্কা করে বলেন, ‘এখনো চলছে হুমকি-ধমকি।’ এ প্রসঙ্গে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক বলেন, ‘এই দুটি ইউনিয়নে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি থাকবে। প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে পুলিশ, আনসার বাহিনীর ২২ জন সদস্য থাকবেন। এ ছাড়া বহিরাগত লোকজন ঠেকাতে করলডেঙ্গার মৌলভিবাজার ও কর্ণফুলী নদীপথে পুলিশের দুটি দল সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী দিলসাদ বেগম বলেন, ‘এই দুই ইউনিয়নের প্রতি প্রশাসনের বাড়তি নজরদারি থাকবে।’ জানা যায়, ২৫ জুন বোয়ালখালীর ১০ ইউনিয়নের মধ্যে সাতটিতে ভোট গ্রহণের কথা রয়েছে। পৌরসভা গঠন-প্রক্রিয়ায় তিন ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপজেলার ৬৫ কেন্দ্রের মধ্যে ২৭টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে শুধু এই দুই ইউনিয়নে রয়েছে ১১টি।