
দুই ঈদে দুই জামার গুরুত্ব আজও ভুলতে পারেন না নাট্যজন সারা যাকের। যৌথ পরিবারের ঈদের স্মৃতি তাঁর কাছে অনেক মজার। সেই গল্পই শুনিয়েছেন তিনি। সঙ্গে এখনকার ঈদের কথা বলেছেন তিনি। ঈদের দুটি খাবারের রেসিপিও দিয়েছেন ‘বর্ণিল ঈদ’-এর পাঠকদের জন্য
দুই ঈদে দুই জামা, সেটাই ছিল তখনকার ঈদের বিশেষত্ব। আর সে কারণেই হয়তো দুটি জামার গুরুত্বও ছিল অনেক। ঢাকার বনানীতে নিজের বাড়িতে বসে সেই গল্প শোনাচ্ছিলেন নাট্যব্যক্তিত্ব সারা যাকের।
‘আমরা ছিলাম চার ভাইবোন। একটা যৌথ পরিবারে বড় হয়েছি। ইস্কাটনে নানার বাড়িতে খালা-মামারাসহ সবাই মিলে থাকতাম। ছোটবেলা থেকেই দেখতাম আমার মা আলিয়া আমিন উইমেন অ্যান্ড হোম, উইমেন্স অনলি পত্রিকাগুলো ফলো করতেন। আর ছোটবেলা থেকেই মা আমাদের ঈদের পোশাক বানিয়ে দিতেন। দুই ঈদে দুটি জামা পেতাম। রোজার ঈদের পোশাকটা বিয়েবাড়ি বা জন্মদিনের অনুষ্ঠানে পরার জন্য। আর কোরবানির ঈদেরটা কারও বাসায় বেড়াতে গেলে পরতাম। তখন আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার অনেক চল ছিল। বাকি কাপড়গুলো ছিল বাসায় পরার।’
সারা যাকের বললেন, ‘মা নিজে ছিলেন খুব শৌখিন। মেয়েদের খুব আধুনিক নকশার পোশাক বানিয়ে দিতেন মা। একবার ঈদে বেগুনি রঙের একটা ফোলা ফোলা ফ্রক মা বানিয়ে দিয়েছিলেন। যেটির নিচের দিকে ছিল উঁচু-নিচু করে ভেলভেট দেওয়া। আর টপটা ছিল সাটিনের। টিনএজ বয়সে আমার ঝোঁক ছিল পশ্চিমা ধাঁচের পোশাকের দিকে। মা অবশ্য সমাজের সঙ্গে সংগতি রেখেই পোশাকের নকশা করতেন। এক ঈদে বটল গ্রিন কালারের একটা সাটিনের সালোয়ার-কামিজ বানিয়ে দিয়েছিলেন মা। এতই পছন্দ হয়েছিল যে এখনো আলাদা করে মনে পড়ে সেটার কথা,’ বললেন সারা যাকের।
ঈদের সকাল মানেই ছিল চুলে সুগন্ধি তেল মেখে গোসল করা। সারা যাকের বলেন, ‘ইভনিং ইন প্যারিস’ নামে তখন একটা চুলের তেল পাওয়া যেত। সুগন্ধি সেই তেল শুধু ঈদের দিনেই মাখতেন তাঁরা। পরে সাবান দিয়ে গোসল করতেন। চুলও ধোয়া হতো সাবান দিয়ে। শ্যাম্পুর চল তো আর তখন এত ছিল না। গোসল সেরে কানের দুই পাশে আতর লাগাতেন।
এবার এল ঈদের খাওয়াদাওয়ার কথা। ‘দাদাবাড়ির প্রিয় খাবার ছিল ডিমের জর্দা সেমাই, ওদিকে নোনতা সেমাই ছিল আমার নানার স্পেশাল। নোনতা এখন আমারও অনেক পছন্দের। ডিমের জর্দা সেমাই আর নোনতা সেমাই নিয়মিত ঈদে তৈরি করি।’ বললেন সারা যাকের।
ঈদের দিন নতুন জামাকাপড় পরে তাঁরা চলে যেতেন দাদার বাড়ি বেইলি রোডে। সেখানে গিয়ে দুপুরের খাবার খেতেন। কোনো কোনো ঈদে সকালের নাশতাটাও সারতেন ওখানে। তাঁর কাছে মনে হতো দাদাবাড়ির গরুর মাংস সেরা। বললেন, ওভাবে গরুর মাংস আর কেউ রাঁধতে পারে না। দাদাবাড়িতে একরকমের কাটলেট বানানো হতো, যা অনেকটা চাপলি কাবাবের মতো। খুব সুস্বাদু ছিল এই কাবাব।
এমনিতে ঈদের দিন সবাই বন্ধুদের বাড়ি বেড়াতে যায়। তবে ঈদের দিনে আত্মীয়দের বাড়ি ছাড়া আলাদা করে বন্ধুদের সঙ্গে ঘোরা হতো না সারা যাকেরের। তিনি বলেন, ‘কাজিনরা, বিশেষ করে আমার ফুফাতো বোনদের সঙ্গে আমার ছিল বিশেষ বন্ধুত্ব। আমাদের বাড়িতে সেলামির চলও তেমন ছিল না। ঈদের আগে নানাভাই সবাইকে ২৫ টাকা করে দিতেন। সেটাই তখন অনেক টাকা।’
মজার এক কথা শোনালেন সারা যাকের, ‘তখন গাড়ি দিয়ে ঘুরতে যাওয়ার সময় বিটলস হেয়ার কাটের কোনো ছেলেকে দূর থেকে দেখলে মজা পেতাম। তবে সেটা এখনকার মতো কিছু না। শুধু চোখাচোখিই।’
সারা যাকেরের বিয়ের পরের ঈদগুলোতে এল পরিবর্তন। ‘বিয়ের পর তো সবার জীবনেই কিছু বদল আসে। ঈদের দিন সব মুরব্বির সঙ্গে গিয়ে দেখা করে আসতাম। সেই রীতি এখনো ধরে রেখেছে আমাদের ছেলেমেয়েরা।’ তবে এখনো ঈদের দিন ডিমের জর্দা সেমাই, নোনতা সেমাই ও কাচ্চি বিরিয়ানি নিজের হাতেই বানান সারা যাকের। ঈদের দিন সবাই মিলে মায়ের বাসায় গিয়ে দুপুরে খেতেন। সবার সঙ্গে দেখাও হতো। ‘আর এখন মা আমাদের সঙ্গে থাকেন। তবু মুরব্বিদের সঙ্গে ঈদের দিন দেখা করার রেওয়াজ আমরা ধরে রেখেছি। ঈদের পরের দিন আমরা আলী যাকেরের পরিবারের সঙ্গে কাটিয়ে থাকি।’
ঈদের ছুটিকে আরও অনেকভাবে কাজে লাগানো হয়েছে। যেমন দেশের বাইরে কোথাও বেড়াতে যাওয়া। এ বছর নানা কারণে বেশ বাইরে যাওয়া-আসা হচ্ছে। এ কারণে এবার আর ঈদে বিদেশে যাওয়ার পরিকল্পনা নেই। সারা যাকের ঈদের আগের কেনাকাটা সারেন শ্রিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘এখনকার ঈদ বলতেই মনে হয় ছেলে ইরেশ যাকের আর মেয়ে শ্রিয়া সর্বজয়ার সঙ্গে সময় কাটানো। সেটাই বেশি ভালো লাগে। গ্রামের বাড়ি রতনপুরেও যাওয়া হয় কোনো কোনো ঈদে। সেখানে সবাই দেখা করতে আসে, তখন খুব ভালো লাগে।’
তৌহিদা শিরোপা ও শর্মিলা সিনড্রেলা